খুব সহজ ও অল্প সময়ে তৈরি করুন সুস্বাদু ভাপা সর্ষে পটল
এখন বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে পটল। পটল দিয়ে ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি তৈরি করেন অনেকেই। যা খেতেও বেশ সুস্বাদু। তবে আজ আপনাদের জন্য থাকছে পটলের তৈরি ভিন্ন একটি আইটেম। যা খুব সহজেই সবার মন জয় করবে।
মজাদার এই আইটেমটি হচ্ছে ভাপা সর্ষে পটল। খুব সহজেই অল্প সময়ে রান্না করুন এবং উপভোগ করুন মজাদার ভাপা সর্ষে পটল। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে তৈরি করবেন মজাদার ভাপা সর্ষে পটল-
উপকরণ: পটল ৬টি, সর্ষে বাটা আধা কাপ, কোরানো নারকেল দেড় চা চামচ, লবণ পরিমাণ মতো, পোস্ত বাটা দেড় চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কালোজিরা আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, সর্ষের তেল দেড় চা চামচ, কাঁচা মরিচ ফালি করা ৫টি।
প্রণালী: প্রথমে পটলের খোসা ছিলে ২ পাশ কেটে নিন। তারপর পটলগুলো ৭ থেকে ৮ মিনিট সিদ্ধ করুন। সিদ্ধ হয়ে গেলে একটি পাত্রে পটলগুলো নিয়ে তাতে একে একে সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল কোরানো, হলুদ, মরিচ গুঁড়া, লবণ আর কালোজিরা দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ভালোভাবে মাখানো হলে এভাবে ১৫ মিনিট রেখে দিন।
এবার একটি স্টিলের বক্সে মসলা সহ পটল ভরে নিন। তারপর এতে সর্ষের তেল এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে দিন। এবার একটি কড়াই বা বড় পাতিলে ২ কাপ পরিমাণ পানি নিতে ফুটান। পানি ফুটানো হলে তাতে পটল ভর্তি স্টিলের বক্স দিয়ে দিন। ২০ মিনিট এভাবেই অল্প আঁচে ভাপে রান্না করুন। হয়ে গেলে নামিয়ে গরম ভাত কিংবা খিচুড়ির সঙ্গে পরিবেশন করুন।