ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
সম্পদ বিবরণী জমা দিতে ব্যর্থ

স্ত্রী-কন্যাসহ সাবেক গভর্নর এসকে সুরের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৪, ২৩ ডিসেম্বর ২০২৪
স্ত্রী-কন্যাসহ সাবেক গভর্নর এসকে সুরের বিরুদ্ধে মামলা
এস কে সুর চৌধুরী- ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী), তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুদকের উপ-পরিচালক আখতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২২ ডিসেম্বর) এ মামলা করা হয়। 

তিনি বলেন, দুর্নীতির অভিযোগের তদন্ত শেষে প্রতিবেদনের ভিত্তিতে দুদক মামলা করার সিদ্ধান্ত নেয়। ঐ তিনজন দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ২৬(১) ধারা মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে দুদকে সম্পদের বিবরণী দাখিল করতে ব্যর্থ হন।

Advertisement

উল্লেখিত ধারার বিধান মোতাবেক উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের সব ধরনের ব্যাংক হিসাব তলব করে দুদক। একইসঙ্গে তার স্ত্রী সুপর্ণা রায় চৌধুরী ও মেয়ে নন্দীতা সুর চৌধুরীর হিসাবের তথ্য চেয়ে সংস্থাটি গত ৭ সেপ্টেম্বরের মধ্যে তা পাঠাতে সময় বেঁধে দেয়।

দুদকের এক চিঠিতে বলা হয়, সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী এবং তার স্ত্রী সুপর্ণা চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এস কে সুর চৌধুরী, তার স্ত্রী সুপর্ণা রায় চৌধুরী ও মেয়ে নন্দীতা সুর চৌধুরীর নামে আপনাদের ব্যাংকের কোনো শাখায় কোনো ধরনের ব্যাংক হিসাব, ঋণ হিসাব, এফডিআর বা সঞ্চয়পত্র থাকলে তা জানাতে বলা হচ্ছে।

একইসঙ্গে হিসাব খোলার ফরম, দাখিলের রেকর্ডপত্র, কেওয়াইসি, নমিনি, টিপি, সিগনেচার কার্ড ও হিসাব বিবরণীসহ সংশ্লিষ্ট রেকর্ডপত্র পাঠাতে বলা হয় ঐ চিঠিতে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: দুদক
লিংক সফলভাবে কপি হয়েছে!