ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

মাওলানা সাদের মানহানি, ১২ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ২ ডিসেম্বর ২০২৪
মাওলানা সাদের মানহানি, ১২ জনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা
ঢাকা মহানগর দায়রা জজ আদালত

মাওলানা সাদ কান্ধলভী সম্পর্কে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য প্রচার করার অভিযোগ এনে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ঢাকার আদালতে মামলা করা হয়েছে। মো. যুবায়ের হোসেন নামে মাওলানা সাদের একজন অনুসারী বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় হেফাজতে ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেকসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

মামলার অপর বিবাদীরা হলেন- ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মুন্না, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, লোকমান মাজহারী ও মুফতি জাফর আহমেদ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ৫ নভেম্বর বিবাদীরাসহ কিছু আলেম শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে মাওলানা সাদ কান্ধলভী সম্পর্কে উদ্দেশ্যমূলকভাবে মানহানিকর বক্তব্য প্রচার করেন। মানহানিকর এমন বক্তব্যে এ ইসলামী চিন্তাবিদের সামাজিক সুনাম ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা অর্থের মানদণ্ডে নিরূপণ করা সম্ভব না হলেও আর্থিক বিচারে কমপক্ষে ৫০০ (পাঁচশত) কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।

সোমবার বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোর্শেদ বিষয়টি জানান।

তিনি বলেন, আমরা ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে রোববার মামলার আবেদন করি। আদালত আমাদের আবেদন গ্রহণ করে আগামী ১৪ জানুয়ারি সর্বোচ্চ কোর্ট ফি দাখিল সংক্রান্ত শুনানির জন্য দিন ধার্য করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!