ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব শাহ কামাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৮, ২৩ আগস্ট ২০২৪
রিমান্ড শেষে কারাগারে সাবেক সচিব শাহ কামাল
ফাইল ফটো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালকে পাঁচদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের অভিযানে বাসা থেকে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে রিমান্ডে নেয়া হয়। 

শুক্রবার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ১৭ আগস্ট রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তার আগের দিন এই সচিবের মোহাম্মদপুরের বাবর রোডের বাসায় পুলিশের অভিযানে ৩ কোটি ১ লাখ টাকা ও ১০ লাখ টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছিল। 

বিদেশি মুদ্রার মধ্যে ৩ হাজার ডলার, ১ হাজার ৩২০ মালেশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরি ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার দক্ষিণ কোরিয়ান ইয়ান ও ১৯৯ চাইনিজ ইয়ান পাওয়া যায়। 

জানা যায়, শাহ কামাল ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯ ও ২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!