ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ড: ফের সাক্ষ্য পিছিয়ে ২ জুন

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৭:৩২, ২৯ এপ্রিল ২০২৪
তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ড: ফের সাক্ষ্য পিছিয়ে ২ জুন
ফাইল ফটো

ঢাকার আশুলিয়ায় তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১১১ শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২ জুন ধার্য করেছেন আদালত। 

সোমবার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে এদিন কোনো সাক্ষী না আসায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে নতুন দিন ধার্য করেন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ দিলারা আলো চন্দনা। 

গত ২৫ মার্চ ২২ মাসের সাক্ষী খরা কাটিয়ে প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেনসহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দেন এস.এম বদরুল আলম। 

Advertisement

২০১৩ সালের ২২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির মালিক, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৩ জনের বিরুদ্ধে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। 

মামলায় অভিযুক্ত আসামিরা হলেন- প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেন, চেয়ারম্যান মাহমুদা আক্তার, শামীম, স্টোর ইনচার্জ (সুতা) আল আমিন, সিকিউরিটি ইনচার্জ আনিসুর রহমান, সিকিউরিটি সুপারভাইজার আল আমিন, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, অ্যাডমিন অফিসার দুলাল উদ্দিন, প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনোয়ারুল, ফ্যাক্টরি ম্যানেজার আব্দুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জুর ও শহীদুজ্জামান দুলাল।

তবে এ মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে আল আমিন, রানা, শামীম ও মোবারক হোসেন পলাতক রয়েছে। বাকি সব আসামি জামিনে রয়েছেন। 

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, কারখানা ভবনটি ইমারত নির্মাণ আইন মেনে করা হয়নি। শ্রমিকদের বের হওয়ার জন্য ভবনটিতে জরুরি বহির্গমন পথ ছিল না। তিনটি সিঁড়ির মধ্যে দুটি নিচতলার গুদামের ভেতরে এসে শেষ হয়েছে। ওই গুদামে আগুন লাগার পর শ্রমিকেরা বের হতে চাইলে কারখানার ম্যানেজার শ্রমিকদের বাধা দিয়ে বলেন, আগুন লাগেনি। অগ্নিনির্বাপণের মহড়া চলছে। এরপর তিনি বের হওয়ার পথ বন্ধ করে দেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!