ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাংবাদিকের ওপর হামলা: আসামি কারাগারে

মিনহাজুল ইসলাম
প্রকাশিত: ১৬:৫৯, ১৪ ডিসেম্বর ২০২৩
সাংবাদিকের ওপর হামলা: আসামি কারাগারে
হামলাকারী ব্যক্তি। ছবি- ডেইলি বাংলাদেশ

বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের অনুসন্ধানী প্রতিবেদক সাদ্দাম হোসাইনের ওপর হামলার ঘটনায় গ্রেফতার শেখ মো. আবু সালেহ ওরফে অন্তরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা কাফরুল থানার সাব ইন্সপেক্টর মনিরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। 

Advertisement

সংশ্লিষ্ট আদালতের কাফরুল থানার সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর রয়েল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামি পক্ষের আইনজীবী রাউফুজ্জামান জামিন শুনানির জন্য ১৭ ডিসেম্বর আবেদন করেন। পরে আদালত আগামী ১৭ ডিসেম্বর জামিন শুনানির তারিখ নির্ধারণ করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় হামলার শিকার হন সাংবাদিক সাদ্দাম হোসাইন। পরে স্থানীয়রা এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় অভিযুক্ত। পরবর্তীতে ভুক্তভোগী সাদ্দাম হোসাইনকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। 

জানা যায়, গত ১৩ ডিসেম্বর সাংবাদিক সাদ্দাম হোসাইন বাসা থেকে অফিসের উদ্দেশে রওনা হলে শেওড়াপাড়া শামীম স্মরণি এলাকায় মেট্রোরেলের ৩২৩ নম্বর পিলারের সামনে হঠাৎ তার গতিরোধ করে এক মোটরসাইকেল আরোহী। এসময় তাকে বাধা দিলে গালিগালাজ করে হামলাকারী। একপর্যায়ে চোখে-মুখে কিল-ঘুষি মারেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এলে হামলাকারী পালিয়ে যায়।

ঐ ঘটনায় রাজধানীর কাফরুল থানায় মো. আবু সালেহ ওরফে অন্তরকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!