ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাভারে চাঞ্চল্যকর নীলা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪১, ১৬ মার্চ ২০২৩
সাভারে চাঞ্চল্যকর নীলা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ ৬ এপ্রিল
দশম শ্রেণির ছাত্রী নীলা রায়- ফাইল ফটো

সাভারে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন হওয়া দশম শ্রেণির ছাত্রী নীলা রায় হত্যা মামলায় প্রধান আসামি মিজানুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। এ মামলার অপর দুই আসামি হলেন- মিজানের সহযোগী সেলিম পাহলান ও সাকিব হোসেন।

বৃহস্পতিবার ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। এদিন কোনো সাক্ষী না আসায় আদালত সাক্ষ্যগ্রহণের জন্য ৬ এপ্রিল দিন ধার্য করেন।

মামলার সূত্রে জানা গেছে, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ২০২০ সালের ২০ সেপ্টেম্বর রাতে হাসপাতাল থেকে ফেরার পথে নীলা রায় ও তার ভাই অলক রায়ের পথরোধ করে বখাটে মিজানুর রহমান। পরে তার ভাইয়ের কাছ থেকে নীলাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নিজের পরিত্যক্ত বাড়ির একটি কক্ষে ছুরিকাঘাত করে পালিয়ে যান মিজানুর। পরে রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নীলাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডের পরদিন ২১ সেপ্টেম্বর নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। এতে প্রধান আসামি করা হয় বখাটে মিজানুর রহমানকে।

Advertisement

২০২১ সালের ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নির্মল কুমার দাস ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিজানুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

মামলায় ১৩ জনকে সাক্ষী করা হয়। তবে এ মামলায় মিজানুরের বাবা আব্দুর রহমান এবং মা নাজমুন্নাহার সিদ্দিকার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করে পুলিশ। এরপর ২০২২ সালের ৩ আগস্ট আদালত আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!