ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বিদেশি পাইলটের মৃত্যু: ইউনাইটেডের চিকিৎসকের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ১৪ মার্চ ২০২৩
বিদেশি পাইলটের মৃত্যু: ইউনাইটেডের চিকিৎসকের বিরুদ্ধে মামলা
আদালত প্রাঙ্গণে তালা এলহেন্দি জোসেফানো- ছবি: সংগৃহীত

অবহেলা ও ভুল চিকিৎসায় জর্ডানের নাগরিক গালফ এয়ারের পাইলট ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। ঢাকার ইউনাইটেড হাসপাতালের চিফ কনসালটেন্ট (ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিন) প্রফেসর ডা. মো. ওমর ফারুকের বিরুদ্ধে এ মামলা করা হয়।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে ইউসুফের বোন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেনডি জোসেফিনো মামলা করেন। ওমর ফারুকের পাশাপাশি ঘটনা সংশ্লিষ্ট ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

Advertisement

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর সকালে ঐ পাইলট গালফ এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে পরিচালনার দায়িত্ব পান। বিমানবন্দরে ইমিগ্রেশনের প্রক্রিয়া শুরু হলে তিনি শারিরিকভাবে অসুস্থ বোধ করেন। পরে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। হাসপাতালে পৌঁছার পর চিকিৎসক প্রফেসর ডা. মো. ওমর ফারুক এবং তার সঙ্গে থাকা ইন্টার্ন চিকিৎসক ও নার্সরা তার চিকিৎসায় কালক্ষেপণ করতে থাকে। ইউনাইটেড হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পরে দীর্ঘ ৫ ঘণ্টা পর্যন্ত তাকে চিকিৎসা প্রদান করা হয়নি। এর ফলে তিনি মারা যান।

এ ঘটনায় গত ১ ফেব্রুয়ারি তালা এলহেনডি মামলা করতে গুলশান থানায় যান। থানা কর্তৃপক্ষ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: মামলা
লিংক সফলভাবে কপি হয়েছে!