জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইউনিট-৩ এ বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তিযুদ্ধ। এ ইউনিটে এবার প্রতি আসনে লড়েছেন ৩৩ ভর্তিচ্ছু।
এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) প্রথম শিফটের পরীক্ষা হয়েছে সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পোগজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষা হয়।
সকালের শিফটে ১০১২৬ পরীক্ষার্থী ও বিকেলের শিফটে ১০১৮১ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। এ বছর
বাণিজ্য অনুষদে আসন সংখ্যা ৬১০টি। এসব আসনের জন্য ২০ হাজার ৩০৭ ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন।
.png)
পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বেই সব কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি ও অন্য যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অতিরিক্ত যানজটের কারণে শিক্ষার্থীরা যথাসময়ে আসতে না পারায় নির্দিষ্ট সময়ের পরেও পরীক্ষা কেন্দ্রে ঢোকার সুযোগ দেয়া হয়েছে।
বিভিন্ন হল পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে। অনেক শিক্ষার্থী হলরুম পেতে সমস্যা হয়েছে। তাই যারা পরীক্ষার্থী তাদেরকে পরীক্ষার আগেরদিন সিটরুম দেখে যাওয়া উচিত। পরীক্ষার্থীদের খাতা ভালোভাবে মূল্যায়ন করা হবে। এর জন্য যত দিন লাগবে ততদিন পরই ফল প্রকাশ করা হবে।
ডেইলি বাংলাদেশ/জেডএম