ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০২, ৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে
ছবি: সংগৃহীত

আঞ্চলিক মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা চলছে। এই উদ্যোগ সফল হলে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ সুগম হতে পারে।

মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও আঞ্চলিক চারটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় দ্বি-পর্যায়ের একটি চুক্তির প্রস্তাব নিয়ে কাজ চলছে। প্রথম পর্যায়ে ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকর হবে, যার মধ্যে যুদ্ধের স্থায়ী অবসান নিয়ে আলোচনা চলবে।

প্রয়োজনে এই যুদ্ধবিরতির মেয়াদ আরো বাড়ানো যেতে পারে বলে সূত্রগুলো জানিয়েছে। 

Advertisement

এদিকে, রোববার এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে ইরানকে ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়া’ হবে।

ট্রাম্প বলেন, “এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিনের মধ্যেই হওয়া উচিত। ইরান ইতোমধ্যে তছনছ হয়ে গেছে—একেবারে ধ্বংসস্তূপ। প্রতিদিন তাদের অবস্থা আরও খারাপ হচ্ছে। তাদের প্রতিদিন নতুন সেতু, নতুন বিদ্যুৎকেন্দ্র এবং সবকিছু নতুন করে গড়তে হচ্ছে। এর আগে কোনো দেশ এভাবে আঘাত পায়নি।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, চুক্তি না হলে “আমরা পুরো দেশটাকে উড়িয়ে দেব। এটি সেতু ধ্বংসের দিন এবং বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের দিন হবে।”

আলোচনায় পাকিস্তান, মিসর ও তুরস্কসহ আঞ্চলিক মধ্যস্থতাকারীরা ভূমিকা রাখছে বলে জানা গেছে। এই উদ্যোগ ব্যর্থ হলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র:  রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!