ট্রুথ সোশাল প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে তিনি বলেন, আমাদের নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজগুলোর সঙ্গে খুবই অন্যায্য ও অন্যায় আচরণ করা হয়েছে। পানামা যে ধরনের ফিস নিচ্ছে তা হাস্যকর। আমাদের দেশকে ঠকানোর এই প্রক্রিয়া শিগগির বন্ধ হবে।
১৯১৪ সালে যুক্তরাষ্ট্র পানামা খালের নির্মাণকাজ শেষ করে। ১৯৭৭ সালে ডেমোক্র্যাটিক পার্টির তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টারের শাসনামলে এই খালের নিয়ন্ত্রণভার পানামার হাতে তুলে দেওয়া হয়। ১৯৯৯ সালে খালের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে মধ্য আমেরিকার দেশটি।
.png)
ট্রাম্প বলেন, এই খালের ব্যবস্থাপনার দায়িত্ব শতভাগ পানামার। চীন বা অন্য কারো নয়। আমরা কখনোই এর নিয়ন্ত্রণ ভুল মানুষের হাতে যেতে দেব না।
তিনি আশাবাদ প্রকাশ করেন, পানামা খালের 'নিরাপদ, উপযোগী ও নির্ভরযোগ্য কার্যক্রম' অব্যাহত থাকবে। অন্যথায় বিনা বাক্যব্যয়ে এই খালের পূর্ণ নিয়ন্ত্রণ ওয়াশিংটনের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
ট্রাম্পের এই বক্তব্যের পর তাৎক্ষণিকভাবে পানামা কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।
প্রসঙ্গত, বৈশ্বিক নৌপরিবহনের পাঁচ শতাংশই পানামা খাল দিয়ে হয়। এই খালের মাধ্যমে এশিয়া ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের মধ্যে যোগাযোগ স্থাপন হয়। যার ফলে এই দুই মহাদেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যাওয়ার দীর্ঘ পথ এড়াতে সক্ষম হয় জাহাজগুলো। যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া এই খালের মূল ব্যবহারকারী।
অক্টোবরে পানামা খাল কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ অর্থবছরে এই খাল থেকে দেশটি প্রায় ৫০০ কোটি ডলার উপার্জন করেছে।