ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত ৭৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৭, ২১ ডিসেম্বর ২০২৪
ইসরায়েলি হামলায় গাজায় এক দিনে নিহত ৭৭
ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজাজুড়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন ১৭৪ জন। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ,গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরো ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ২০৬ জনে পৌঁছেছে। নিরলস এই হামলায় আরো অন্তত এক লাখ ৭ হাজার ৫১২ জন ব্যক্তিও আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত  গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

Advertisement

এদিকে ‌‌‌‌‘গাজা ডেথ ট্রাপ’ নামে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ডক্টরস উইথআউট বডার্স। এতে বলা হয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিগত নিধনের স্পষ্ট লক্ষণ রয়েছে।

তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই অভিযোগ তোলে মানবাধিকার সংস্থাটি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!