ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মন্দির-মসজিদ নিয়ে নতুন মামলা করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ১২ ডিসেম্বর ২০২৪
মন্দির-মসজিদ নিয়ে নতুন মামলা করা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট
ফাইল ফটো

ভারতের সব মন্দির-মসজিদ-গির্জার সমীক্ষায় স্থগিতাদেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। মন্দির বা মসজিদ নিয়ে নতুন করে কোনো মামলাও করা যাবে না এখন। শীর্ষ আদালত জানিয়েছে, আগে এই সংক্রান্ত মামলাগুলোর নিষ্পত্তি হবে, তারপর নতুন মামলা গৃহীত হবে আদালতে। 

বৃহস্পতিবার নিম্ন আদালতগুলোতে এই সংক্রান্ত মামলায় এখনই তাৎপর্যপূর্ণ নির্দেশ দিতে নিষেধ করেছে সুপ্রিম কোর্ট। 

উপাসনাস্থল আইন মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট চাওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকেও।

Advertisement

১৯৯১ সালের উপাসনাস্থল আইন বদলাতে চেয়ে একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সাড়ে তিন বছর ধরে সেগুলোর কোনও শুনানিই হয়নি। বৃহস্পতিবার ছিল এই সংক্রান্ত মামলার শুনানির দিন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে উপসনাস্থল আইন মামলার শুনানি হয়।

আদালত জানিয়েছে, এই মুহূর্তে দেশে মন্দির, মসজিদ বা অন্য উপাসনাস্থল নিয়ে যত মামলা চলছে, যত সমীক্ষা চলছে, তা আপাতত স্থগিত থাকবে। নিম্ন আদালত, এমনকি হাই কোর্টগুলোকেও এই সংক্রান্ত মামলায় আপাতত তাৎপর্যপূর্ণ কোনো নির্দেশ দিতে নিষেধ করা হয়েছে। নিম্ন আদালতগুলো এই সংক্রান্ত নতুন কোনো মামলাও শুনবে না। সুপ্রিম কোর্টে উপাসনাস্থল আইন মামলার নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ জারি থাকবে।

১৯৯১ সালের উপাসনাস্থল (বিশেষ ব্যবস্থা) আইন অনুযায়ী, কোনও মন্দির-মসজিদ বা গির্জার চরিত্র পাল্টানো যাবে না। ১৯৪৭-এ স্বাধীনতার সময় যেখানে যা ছিল, তেমনটাই রাখতে হবে। কিন্তু এই আইনে বদল চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন হিন্দু ধর্মাবলম্বীরা।তাদের দাবি, এই আইনের জন্য ১৯৪৭ সালের ১৫ আগস্টের আগে ‘দখলীকৃত’ হিন্দু ধর্মস্থানের ধর্মীয় চরিত্র পুনরুদ্ধার করা যাচ্ছে না।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!