ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫০, ৭ ডিসেম্বর ২০২৪
ইন্দোনেশিয়ায় ৫.৮ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে সুলাওসি দ্বীপপুঞ্জে এ ভূমিকম্প আঘাত হানে।

দেশটির আবহাওয়া, জলবায়ুবিদ্যা এবং ভূপদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বুওল রিজেন্সির ৭৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং সমুদ্রতলের ২১ কিলোমিটার গভীরে।

সংস্থাটি আরো জানিয়েছে, বুওল রিজেন্সি এবং টলিটোলি রিজেন্সিতে ভূমিকম্পের তীব্রতা ৩ এবং ৪ এমএমআই (মডিফাইড মেরকালি ইনটেনসিটি) এর মধ্যে রেকর্ড করা হয়েছে। এই ভূমিকম্প থেকে সুনামির কোনও আশঙ্কা নেই। এ কারণে সুনামির সতকর্তা জারি করা হয়নি।

Advertisement

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার একজন সিনিয়র কর্মকর্তা এম ইহসান বলেছেন, এখন পর্যন্ত কম্পনের ফলে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো প্রাথমিক খবর পাওয়া যায়নি। তবে ঝুঁকি মূল্যায়ন চলছে।

প্রশান্ত মহাসাগরের তথাকথিত ‘রিং অব ফায়ারে’ ইন্দোনেশিয়ার অবস্থান হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। এছাড়া দেশটিতে প্রায় ১২৭টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে।

২০০৪ সালের ডিসেম্বরে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভূমিকম্পের আঘাতে ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী সুনামির ঘটনা ঘটে। সেসময় সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তাতে ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত দুই লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান। এর মধ্যে এক লাখ সত্তর হাজারের বেশি মানুষ মারা যায় ইন্দোনেশিয়ায়।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!