উত্তর সুমাত্রা প্রদেশে গত সপ্তাহ থেকে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যে কারণে প্রদেশের চারটি জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা।
উত্তর সুমাত্রা পুলিশের মুখপাত্র হাদি ওয়াহইউদি জানান, বুধবার ডেলি সেরদাংয়ের একটি গ্রামে ভূমিধসে অন্তত ৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত ও নিখোঁজ অনেকে। প্রদেশের অন্যান্য এলাকায় তল্লাশি চালিয়ে অন্তত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
.png)
হাদি ওয়াহইউদি আরো বলেন, আমরা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পরিষ্কার করার ওপর জোর দিচ্ছি।
উত্তর সুমাত্রার একটি পাহাড়ি আন্তঃপ্রদেশ সড়কে কাদার নিচে মিনিবাস ও অন্যান্য যানবাহন চাপা পড়েছে। এসব যানবাহনে আটকা পড়া যাত্রীসহ নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
ভূমিধস ও আকস্মিক বন্যায় ঘরবাড়ি, মসজিদ ও ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে প্রাদেশিক রাজধানী মেদানেও বন্যা দেখা দিয়েছে।
এমন পরিস্থিতির মধ্যে ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা সতর্ক বার্তা দিয়েছে, চলতি বছরের শেষ দিকে দেশজুড়ে চরম বৈরী আবহাওয়া দেখা দিতে পারে। দেশটিতে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক বার্তা দেওয়া হয়।