ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন-ইহুদি তরুণদের ৩৭ শতাংশ হামাস সমর্থক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০২, ২৪ নভেম্বর ২০২৪
মার্কিন-ইহুদি তরুণদের ৩৭ শতাংশ হামাস সমর্থক
ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। উদ্দেশ্য সেখানকার শাসক গোষ্ঠী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করা। আর এই আগ্রাসনে শুরু থেকেই দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের সরবরাহ করা অস্ত্রে ধ্বংস করে দেওয়া হয়েছে পুরো গাজা উপত্যকা।

সর্বশেষ তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে গাজায় ৪৪ হাজার ১৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে এক লাখ ৪ হাজার ৪৭৩ ফিলিস্তিনি।

এদিকে, হামাস নির্মূলে আগ্রাসন চালালেও ইসরায়েলের নিজের করা এক জরিপে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন–ইহুদি তরুণদের এক–তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে।

Advertisement

জরিপটি করেছে ইসরায়েলের প্রবাসীকল্যাণ ও ইহুদিবিদ্বেষ মোকাবিলা-বিষয়ক মন্ত্রণালয়।

জরিপের ফলাফলে দেখা গেছে, ‘আমি হামাসের প্রতি সহানুভূতিশীল’—এ বক্তব্যকে ‘সমর্থন’ বা ‘শক্ত সমর্থন’ দিয়েছেন ৩৬ দশমিক ৭ শতাংশ মার্কিন–ইহুদি তরুণ। গত বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যম এ খবর জানায়।

তবে ওই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে ৭ শতাংশ।

এদিকে জরিপে অংশগ্রহণকারী মার্কিন–ইহুদি তরুণদের বড় একটি অংশ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এ হার ৪১ দশমিক ৩ শতাংশ। বিপরীতে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে এ হার ১০ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারী মার্কিন-ইহুদি তরুণদের বড় একটি অংশ এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এ হার ৪১ দশমিক ৩ শতাংশ।

বিস্ময়কর হলো, মার্কিন-ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতিই সহানুভূতিশীল তা নয়, তাঁদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ (৬৬ শতাংশ) সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল।

জরিপে এ–ও দেখা গেছে, এতে অংশগ্রহণকারীদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ ইসরায়েলপন্থী মনোভাব পোষণ করে, যেমন ৬২ শতাংশ মার্কিন–ইহুদি তরুণ নিজেদের ইহুদিবাদী বলে বিবেচনা করেন। অন্যদিকে ৮৪ শতাংশ বলেছে, ‘একটি ইহুদি রাষ্ট্র’ হিসেবে ইসরায়েলের টিকে থাকার অধিকার রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালান হামাসের যোদ্ধারা। ইসরায়েলের দাবি, এতে ১ হাজার ২০০ জন নিহত হন। এ ছাড়া দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়।

হামাস যোদ্ধাদের নির্মূল করার অজুহাতে ওই দিন থেকেই গাজায় নারকীয় হামলা শুরু করেছে ইসরায়েল। তাদের তাণ্ডবে এখন পর্যন্ত ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহত ব্যক্তিদের বেশির ভাগ নারী ও শিশু।

তবে গাজার চিকিৎসকদের অনুমান, নিহত ফিলিস্তিনির সংখ্যা এক লাখের বেশি। চিকিৎসা সাময়িকী ল্যানসেট বলছে, এ সংখ্যা ১ লাখ ৮৬ হাজার বা এর বেশি।

সূত্র: মিডল ইস্ট আই, জেরুজালেম পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!