ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে পবিত্র ভেবে মন্দিরের এসির পানি পানের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৮, ৪ নভেম্বর ২০২৪
ভারতে পবিত্র ভেবে মন্দিরের এসির পানি পানের হিড়িক
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন শহরের বাঁকের একটি বিখ্যাত মন্দিরে হাতির ভাস্কর্যের মুখ থেকে বের হওয়া ফোঁটা ফোঁটা পানি পান করার জন্য ভক্তরা ব্যাপকভাবে ভিড় করছেন। ভিড় জমানো এসব ভক্ত এটিকে ‘চরণ অমৃত’ বা ভগবান কৃষ্ণের পায়ের পবিত্র পানি বলে বিশ্বাস করেন। তবে আদতে সেটি এসি থেকে বের হওয়া পানি। আর ভক্তদের এই পানি পানের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। 

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিহারী মন্দিরের যে ফুটেজ অনলাইনে ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে, বহু সংখ্যক ভক্ত দেওয়ালে একটি হাতির ভাস্কর্য থেকে বের হওয়া পানি পান করছেন। কিছু ভক্ত আবার পানি সংগ্রহের জন্য কাপ ব্যবহার করছেন। অন্যরা আবার ‘পবিত্র এই পানির’ কয়েক ফোঁটা পেতে তাদের হাতের তালুকেই কাপের মতো ব্যবহার করছেন। অনেকে আবার নিজেদের শরীরেও ছিটিয়ে দিচ্ছেন।

জাগরণের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরের দেওয়ালের সঙ্গে জুড়ে থাকা হাতির আকৃতির টিউব থেকে এই পানি বের হচ্ছে। আর ভক্তরা যেটিকে ‘চরণ অমৃত’ বলে বিশ্বাস করছেন তা আসলে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি থেকে নির্গত পানি।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ওই ভিডিওটি অনলাইনে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সেই ভিডিওটি ২৮ লাখ বার দেখা হয়েছে। অনেকেই এই বিষয়ে ভক্তদের সরল মন সম্পর্কে মন্তব্য করেছেন, অন্যরা আবার এই ভক্তদের বৈজ্ঞানিক জ্ঞানবোধের অভাবের জন্য আক্ষেপ করেছেন।

এক্সে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “বৈজ্ঞানিক জ্ঞানবোধহীন মন হলো মিথ, কুসংস্কার, ঘৃণা, বিভাজনের জন্মস্থান। এটি গণতন্ত্রের জন্য হুমকি এবং পশুর মতো মানসিকতা তৈরি করে। (এখানে যারা আসছেন এবং পানি পান করছেন, তাদের মধ্যে) কেন কেউ এক সেকেন্ডের জন্যও থামছেন না এবং এখানে আসলে ঠিক কী ঘটছে তা নিয়ে কিছুই ভাবছেন না? পশুর মতো মানসিকতা।”

এদিকে এই ভিডিওটি নজরে আসার পর এ বিষয়ে সতর্কতাও উচ্চারণ করেছেন একজন লিভার চিকিৎসক। তিনি তার অনুসারীদের এসি থেকে বের হওয়া পানি পান না করতে আহ্বান জানিয়েছে। তিনি লিখেছেন, কুলিং এবং এয়ার কন্ডিশনার সিস্টেমগুলো ছত্রাকসহ অনেক ধরণের সংক্রমণের প্রজনন ক্ষেত্র, তাদের মধ্যে কিছু আবার সত্যিই জঘন্য।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!