ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

২০০০ কিমি পাড়ি দিয়ে ইরানে হামলা শতাধিক ইসরায়েলি যুদ্ধবিমানের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ২৬ অক্টোবর ২০২৪
২০০০ কিমি পাড়ি দিয়ে ইরানে হামলা শতাধিক ইসরায়েলি যুদ্ধবিমানের
ফাইল ফটো

প্রতিশোধ নিতে শুক্রবার রাতে ইরানের তিন প্রদেশে সামরিক কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইসরায়েলের অন্তত শতাধিক যুদ্ধবিমান অংশ নিয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুসালেম পোস্ট।

জানা গেছে, শতাধিক এই যুদ্ধবিমানের মধ্যে সর্বাধুনিক যুদ্ধবিমান ইফ-৩৫ও ছিল। দেশটিতে হামলা চালাতে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো প্রায় ২ হাজার কিলোমিটার পাড়ি দিয়েছিল।

বিদেশি বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে, ইরানে হামলার অংশ হিসেবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো প্রথমে সিরিয়ার রাডার নেটওয়ার্কে হামলা চালায়, যাতে ইরান সিরিয়ার কাছ থেকে ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর অবস্থান সম্পর্কে জানতে না পারে। এর পরই ইসরায়েলি যুদ্ধবিমানগুলো ইরানের দিকে রওনা হয়। 

Advertisement

ইরানে হামলা সম্পন্ন হয়েছে জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে, আইডিএফ ইরান ভূখণ্ডের কৌশলগত স্থাপনার ওপর হামলা চালিয়েছে এবং এই অপারেশন শেষ হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানের বিভিন্ন অঞ্চলের সামরিক লক্ষ্যবস্তুতে আইডিএফ সুনির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক হামলা চালিয়েছে। আমাদের (যুদ্ধ) বিমান নিরাপদে দেশে ফিরে এসেছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান ইসরায়েল রাষ্ট্র ও এর নাগরিকদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা পরিচালনা করা হয়েছে। পাল্টা হামলা সফলভাবে সম্পন্ন হয়েছে এবং মিশন সফল।’ 

এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আইডিএফ জানিয়েছে, ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির স্থাপনায় আঘাত করেছে। এসব স্থাপনায় তৈরি ক্ষেপণাস্ত্র দিয়েই ইরান ইসরায়েলে হামলা চালিয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নাগরিকদের জন্য সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল। ইসরায়েলি বাহিনী আরো জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যাটারি এবং অতিরিক্ত ইরানি আকাশ প্রতিরক্ষা সক্ষমতায়ও আঘাত হেনেছে। 

বিদেশি গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে জেরুসালেম পোস্ট জানিয়েছে, এই বৃহৎ আক্রমণে শতাধিক যুদ্ধবিমান অংশ নিয়েছিল, যার মধ্যে ‘ইফ-৩৫ অ্যাডাইর’ স্টেলথ ফাইটার উল্লেখযোগ্য। এই আক্রমণের জন্য ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে প্রায় ২০০০ কিলোমিটার পাড়ি দিতে হয়েছে।

এ ধরনের একটি অভিযানের শুরুতে সাধারণত প্রাথমিক আক্রমণগুলো রাডার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে চালানো হয়, যাতে পরে সামরিক ঘাঁটিতে আঘাত হানার সময় এসব প্রতিরক্ষাব্যবস্থা বাধা হয়ে দাঁড়াতে না পারে। এই হামলার শুরুতে সিরিয়ায় একটি সমন্বিত হামলায় দেশটির রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়। যাতে ইরান ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে অবগত হতে না পারে। 

এদিকে, ইরানের তিনটি প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে ঠিক কতগুলো স্থাপনায় হামলা চালানো হয়েছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি দেশটি। তেহরান দাবি করেছে, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতি সামান্যই।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!