ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭, ১৭ অক্টোবর ২০২৪
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত বেড়ে ১৪৭
ফাইল ফটো

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জ্বালানি বহনকারী একটি ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪৭ জনে দাঁড়িয়েছে। জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পর জ্বালানি ট্যাংকারটি উল্টে গিয়ে পেট্রল ছড়িয়ে পড়ার পর সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে উত্তরাঞ্চলীয় জিগাওয়া রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে বুধবার পুলিশ ও রাজ্যটির জরুরি পরিষেবা জানিয়েছে।

জিগওয়া রাজ্যের জরুরি পরিষেবার প্রধান হারুনা মাইরিগা এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৪৭ বলে জানিয়েছেন।

Advertisement

এ ঘটনাটি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ায় সম্প্রতি ঘটা সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা। দেশটি ব্যাপক নিরাপত্তা হুমকি ও জীবনযাত্রার ব্যয় সংকট সামলাতে হিমশিম খাচ্ছে।

জিগাওয়া রাজ্য পুলিশের মুখপাত্র লাওয়ান শিসু অ্যাডাম জানান, ট্যাংকারটি প্রাচীন শহর কানো থেকে উত্তরাঞ্চলীয় ইয়োবে রাজ্যে যাচ্ছিল। পথে রাজধানী আবুজা থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরে টাউরা স্থানীয় সরকারের এলাকার মাজিয়া শহরের কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এতে ট্যাংকারটি উল্টে যায় ও জ্বালানি ছড়িয়ে পড়ে।

অ্যাডাম জানান, গ্রামবাসীরা ট্যাংকারটি থেকে বের হতে থাকা পেট্রল সংগ্রহের এক পর্যায়ে সেখানে আগুন ধরে যায় ও ভয়াবহ বিস্ফোরণ ঘটে, এতে বহু মানুষের প্রাণ যায়। পুরো এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহত আরও ৫০ জনকে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। বুধবার মৃতদের জন্য একটি গণদাফন অনুষ্ঠিত হয়েছে বলে মাইরিগা জানিয়েছেন।

সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে নাইজেরিয়ায় বেশির ভাগ রাস্তাই এবড়োখেবড়ো ও গর্তবহুল। এ কারণে দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে আর এতে বহু মানুষের প্রাণহানি হয়।

গত সেপ্টেম্বর মাসে দেশটির উত্তরমধ্যাঞ্চলে মানুষ ও পশুবাহী একটি ট্রাকের সঙ্গে একটি জ্বালানিবাহী ট্যাংকারের সংঘর্ষে অন্তত ৪৮ জন নিহত হয়েছিল। ওই সময় সৃষ্ট আগুন অন্য যানবাহনগুলোতেও ছড়িয়ে পড়েছিল।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!