ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ইসরায়েলি হামলায় দুই হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৯, ১০ অক্টোবর ২০২৪
লেবাননে ইসরায়েলি হামলায় দুই হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৬
ফাইল ফটো

লেবাননের দক্ষিণাঞ্চলে দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় সশস্ত্র প্রতিরোধগোষ্ঠী হিজবুল্লাহর দুই কমান্ডার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) এ দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে গত রাতে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন স্বাস্থ্যকর্মী।

নিহত ব্যক্তিদের একজন আহমেদ মুস্তাফা আলহাজ আলী। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তিনি উত্তর ইসরায়েলের খায়রাত শমোনা শহরে হাজারো রকেট ও ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ট্যাংক নিক্ষেপের জন্য দায়ী ছিলেন। হামলায় নিহত আরেক কমান্ডার মুহাম্মাদ আলী হামদান। তিনি উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী বলে দাবি করা হয়েছে।

Advertisement

ইসরায়েলি সেনাবাহিনী আরো বলেছে, তারা বৈরুতের বিভিন্ন অস্ত্রাগারে হামলা চালিয়েছে। রাতভর দক্ষিণ লেবাননের অন্যান্য সামরিক অবকাঠামোতেও হামলা করা হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হিজবুল্লাহর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লেবাননে গত রাতেও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত ছিল। ওয়ারদানিয়েহ শহরে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, টায়ার এলাকায় ইসরায়েলি হামলায় পাঁচ স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। বালবেক অঞ্চলে নিহত হয়েছেন চারজন।

এএফপির এক খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনারা লেবাননে স্থল হামলার পরিসর বাড়িয়েছেন। গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও হামলা শুরু করেছে তারা। তবে সীমিত পরিসরে নির্দিষ্ট কিছু এলাকায় হিজবুল্লাহর অবস্থান ও স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেন সেনারা।

হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার তিন দিন পর ৩০ সেপ্টেম্বর দেশটির দক্ষিণ সীমান্ত দিয়ে ঢুকে ইসরায়েলি সেনারা স্থল হামলা শুরু করেন। বিমান হামলার পাশাপাশি এক সপ্তাহের বেশি সময় ধরে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সম্মুখ লড়াই চলছে।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!