ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যেখানে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৪, ৭ অক্টোবর ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’, আঘাত হানবে যেখানে
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হেলেনের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। এর ফলে বড় হারিকেনের আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে ফ্লোরিডা উপকূলে এটি আঘাত হানতে পারে। আঘাত হানার আগে এটি দ্রুত বড় হারিকেনে রূপ নিতে পারে। রোববার ফ্লোরিডার বাসিন্দাদের ইতোমধ্যে সতর্ক করা হয়েছে এবং নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।

জানা গেছে, রোববার ভোরে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘মিল্টন’ ফ্লোরিডার টেম্পা থেকে প্রায় ১ হাজার ৩৮৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল বলে জানিয়েছে মিয়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার। পরবর্তীতে এটি ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে পূর্বদিকে অগ্রসর হয়। তবে ঝড়টি ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতি নিয়ে ঘুরপাক খাচ্ছে।

Advertisement

ঘূর্ণিঝড় ‘মিল্টন’ ঠিক কোথায় আঘাত হানবে তা স্পষ্ট করে বলা না গেলে এটি ফ্লোরিডায় কঠোরভাবে আঘাত হানবে বলে জানিয়েছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। সেই সঙ্গে আঘাত হানা সম্ভাব্য অঞ্চলগুলো থেকে সোম ও মঙ্গলবারের (৭-৮ অক্টোবর) মধ্যে বাসিন্দাদের বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবীদের মাধ্যমে সরিয়ে নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে সম্প্রতি ফ্লোরিডার বিগ বেন্ড শহরের উপকূলে আছড়ে পড়ে ঘুর্ণিঝড় হেলেন। এ সময় ওই এলাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৪০ মাইল। বিধ্বংসী গতির এই ঝড়ের কারণে বিগ বেন্ড এবং এর আশপাশের এলাকার অজস্র গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। রাস্তাঘাট ডুবে যায়।

ব্যাপক ধ্বংসাত্মক হওয়ার কারণে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর হেলেনকে ‘ক্যাটাগরি ৪’ ঘূর্ণিঝড়ের তকমা দেয়। বিগ বেন্ডে আছড়ে পড়ার পর জর্জিয়া, টেনেসি, উত্তর ক্যারোলাইনা ও দক্ষিণ ক্যারোলাইনার দিকে এগোতে থাকে হেলেন। এ সময় কমতে থাকে ঝড়ের গতিবেগও।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!