ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইউক্রেন যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫৩, ৩০ সেপ্টেম্বর ২০২৪
ইউক্রেন যুদ্ধের সব লক্ষ্য অর্জিত হবে: পুতিন
ভ্লাদিমির পুতিন - ফাইল ফটো

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে তার দেশ যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা পরিপূর্ণ করা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাশিয়ার দ্বিতীয় ‘পুনরেকত্রীকরণ দিবস’ বা ‘রিইউনিফিকেশন ডে’ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। মস্কোর পক্ষ থেকে চারটি অঞ্চল—দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসনকে রাশিয়ার সঙ্গে একত্রীকরণ দিবস হিসেবে দিনটি পালন করা হয়।

মস্কোর পক্ষ থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের চারটি অঞ্চলকে গণভোটের মাধ্যমে একত্রীকরণের ঘোষণা দেওয়া হয়। পশ্চিমা বিশ্বে এ নিয়ে ব্যাপক নিন্দা ও সমালোচনা করা হয়। তবে পুতিনের পক্ষ থেকে অধিকৃত এসব অঞ্চলের নেতাদের সঙ্গে চুক্তি করে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করা হয়। অবশ্য এসব অঞ্চলের পুরোপুরি এখনো তাদের নিয়ন্ত্রণে আসেনি।

Advertisement

রাশিয়া একই বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। অন্যদিকে কিয়েভ পশ্চিমা সামরিক জোট ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিয়েভ মনে করে, ন্যাটো বা ইইউ সদস্য হলে তা তাদের জন্য নিরাপত্তা ও স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে; কিন্তু রাশিয়া এর বিরোধিতা করে আসছে।

জনগণের উদ্দেশে দেওয়া ভিডিও বার্তায় পুতিন বলেন, ‘আমাদের পক্ষে সত্য রয়েছে। আমরা আমাদের সন্তান-নাতিদের জন্য নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ রক্ষায় লড়াই করছি।

পুতিন দাবি করেন, কিয়েভের ‘নব্য-নাৎসি’ সরকার রুশ ভাষাভাষীদের ‘তাদের ঐতিহাসিক মাতৃভূমি রাশিয়া থেকে চিরতরে বিচ্ছিন্ন’ করার ষড়যন্ত্র করছে। ইউক্রেন ও তার মিত্ররা এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

পুতিন আরো অভিযোগ করেছেন যে, পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে একটি সামরিক উপনিবেশে পরিণত করে রাশিয়ার বিরুদ্ধে ক্ষোভ ছড়াচ্ছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, ২০১৪ সালের মতোই ইউক্রেনকে নতুন যুদ্ধে উসকে দিতে পশ্চিমারা অস্ত্র সরবরাহ করছে।

এদিকে, ইউক্রেন জানিয়েছে, সোমবার রাতে রাশিয়া কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটস্কো জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনের কাছে পড়ে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ৭৩টি ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ইউক্রেনে নিক্ষেপ করেছে রাশিয়া। এর মধ্যে ৬৭টি ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মাইকোলাইভ অঞ্চলে ড্রোন হামলায় একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সেপ্টেম্বর মাসজুড়ে ইউক্রেনের বিভিন্ন স্থাপনা, বিশেষ করে বিদ্যুৎ, সামরিক ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে রাশিয়া। তবে মস্কো বারবার দাবি করেছে, ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো বৈধ সামরিক লক্ষ্যবস্তু এবং তারা বেসামরিকদের ওপর হামলা চালায় না।

রুশ হামলা থেকে ইউক্রেনের শহরগুলোকে রক্ষার জন্য পশ্চিমা দেশগুলোকে আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!