সংবাদমাধ্যম এএফপি ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল ও পাথর ছুড়েছে। অন্যদিকে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাসের শেল ছুড়েছে।
গত শনিবার ইসরায়েলি হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর নিহতের খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভে রাস্তায় নেমে পড়ে। বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শ্লোগান দেয়।
.png)
প্রথমে ইসরায়েল জানায়, তারা শুক্রবারে দক্ষিণ বৈরুতের শহরতলীতে হামলা চালিয়ে হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে। পরে হিজবুল্লাহর পক্ষ থেকেও নাসরুল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়।
করাচি পুলিশ এক বিবৃতিতে বলেছে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল মজলিস ওয়াহদাত মুসলিমিন এই বিক্ষোভের আয়োজন করেছিল। বিক্ষোভ র্যালি পিআইডিসি মোড় থেকে শুরু হয়ে আইসিআই ব্রিজ হয়ে ইউএস কনস্যুলেটের দিকে যাচ্ছিল। তখন পুলিশ তাদের বাধা দিতে রাস্তার ওপর কন্টেইনার স্থাপন করে। এরপর বিক্ষোভকারীরা কন্টেইনার সরানোর চেষ্টা করলে সংঘর্ষ বেধে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, টিয়ার গ্যাসের ধোঁয়ায় এমটি খান রোড আচ্ছন্ন হয়ে আছে। বিক্ষোভকারীরা হিজবুল্লাহর পতাকা নেড়ে শ্লোগান দিচ্ছে এবং পুলিশের দিকে ঢিল ছুড়ছে।
পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদ রাজা বলেছেন, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুঁড়তে বাধ্য হয়। এ ঘটনায় পুলিশ সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলেও জানান এই কর্মকর্তা।