ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চাল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৯, ২৮ সেপ্টেম্বর ২০২৪
চাল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত
ছবি: সংগৃহীত

চাল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত। এক বিজ্ঞপ্তি অনুসারে, দেশটির কেন্দ্রীয় সরকার শুক্রবার বাসমতি ব্যতিত সব ধরনের চাল রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চালের অভ্যন্তরীণ সরবরাহ নিশ্চিত এবং দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৩ সালের জুলাই মাসে চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। তবে এবার চাল রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রফতানিকারকরা। তারা এই পদক্ষেপকে ‌‘গেম চেঞ্জার’ বলে উল্লেখ করেছেন।

Advertisement

চাল রফতানিকারক কোম্পানি রাইস ভিলার শীর্ষ নির্বাহী সুরজ আগারওয়াল বলেছেন, বাসমতি ব্যতিত সব ধরনের চাল রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের এমন সিদ্ধান্ত কৃষিক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে কাজ করবে।

তিনি বলেন, এতে শুধু রফতানিকারকরাই নয় বরং কৃষকরাও লাভবান হবেন। এই পদক্ষেপের কারণে কৃষকরা ধান চাষে এবার লাভবান হবেন।

চাল রফতানিতে নিষেধাজ্ঞার পাশাপাশি রফতানির ওপর শুল্কের হারও কমানো হয়েছে। সিদ্ধ চালের ওপর রফতানি শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার ঘোষণা দিয়েছে ভারত।

আরেক চাল রফতানিকারক প্রতিষ্ঠান হালদার গ্রুপের কেশব কেআর হালদার ভারত সরকারের এমন পদক্ষেপের প্রশংসা করেছেন।

বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশ ভারত। বিশ্বের মোট চাহিদার ৪০ ভাগই আসে দেশটি থেকে। চাল রফতানির শীর্ষে থাকা অন্য দেশগুলো হলো- থাইল্যান্ড, ভিয়েতনাম, পাকিস্তান ও যুক্তরাষ্ট্র।

গত বছর ভারত চাল রফতানি স্থগিতের পর থেকে আন্তর্জাতিক বাজারে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম বাড়তে শুরু করে যা ছিল গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!