ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে ১২ জনকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৪
ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানে ১২ জনকে গ্রেফতার
ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে সহযোগিতা ও ইরানের নিরাপত্তার বিরুদ্ধে কর্মপরিকল্পনার অভিযোগে ১২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ইরানের রেভল্যুশনারি গার্ডস এ তথ্য জানিয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) ইরানের রেভল্যুশনারি গার্ডসের বিবৃতিতে বলা হয়, ইহুদিবাদী শাসক (ইসরায়েল) ও তার পশ্চিমা সমর্থকেরা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের গাজা ও লেবাননের জনগণের বিরুদ্ধে তাদের অশুভ লক্ষ্যে সফল হয়নি। তাই তারা এখন ইরানের নিরাপত্তার বিরুদ্ধে একের পর এক কর্মপরিকল্পনার মাধ্যমে এই সংকট ইরানে ছড়িয়ে দিতে চাইছে।

রেভল্যুশনারি গার্ডস আরো বলেছে, ১২ জনকে ইরানের ছয়টি প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কবে কখন গ্রেফতার করা হয়েছে, তা বলা হয়নি।

Advertisement

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত হাজারো পেজার ও ওয়াকিটকি (যোগাযোগযন্ত্র) সম্প্রতি বিস্ফোরিত হয়। এ ঘটনার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়ে গেছে। এই বিস্ফোরণের ঘটনাকে হামলা হিসেবে অভিহিত করে ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ।

ফিলিস্তিনের গাজায় প্রায় বছরব্যাপী যুদ্ধ চলছে। গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই যুদ্ধের সমান্তরালে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বড় পরিসরে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটছে।

তেহরান অভিযোগ করেছে যে, তাদের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে ইসরায়েলই দায়ী। এমনকি বেশ কয়েকজন ইরানি বিজ্ঞানীকেও হত্যার জন্য দায়ী করেছে ইসরায়েল।

গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয় ইরানি কর্তৃপক্ষ। তার আগে ২০২২ সালের ডিসেম্বরে ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চারজনকে ফাঁসি দেয় তেহরান।

এছাড়া গত জুলাই মাসে ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার পর তেহরানে নিহত হন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান।

তবে এই হত্যার দায় স্বীকার করেনি ইসরায়েল। এদিকে এ ঘটনার পর যুক্তরাজ্যের দ্য টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়েছিল, হানিয়াকে হত্যায় ইরানের নিরাপত্তা এজেন্ট ভাড়া করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!