ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কুরস্কে আরেকটি রুশ সেতু ধ্বংস করলো ইউক্রেনীয় বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৪, ১৯ আগস্ট ২০২৪
কুরস্কে আরেকটি রুশ সেতু ধ্বংস করলো ইউক্রেনীয় বাহিনী
ছবি: সংগৃহীত

রাশিয়ার কুরস্ক অঞ্চলের সেম নদীর ওপর নির্মিত আরও একটি সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। এর আগে একই অঞ্চলে আরেকটি সেতু উড়িয়ে দিয়েছিল তারা। রুশ ভূখণ্ডে চলমান ইউক্রেনীয় অভিযানের অংশ হিসেবে সেতু দুটি ধ্বংস করা হয়েছে। সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

রোববার সকালে টেলিগ্রামে একটি পোস্টে ইউক্রেনের বিমানবাহিনী কমান্ডার মাইকোলা ওলেশচুক ধ্বংস হওয়া দ্বিতীয় সেতুর ভিডিও প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, আরো একটি সেতু ধ্বংস!

তিনি জানান, ইউক্রেনীয় বিমানবাহিনী শত্রুর (রাশিয়া) লজিস্টিক্যাল সুবিধা ধ্বংস করে তাদের আক্রমণ ক্ষমতাকে দুর্বল করে তুলছে। যা যুদ্ধে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।

Advertisement

শুক্রবার গ্লুশকভস্কি জেলার একটি সেতুও ধ্বংস করা হয়। যা সেম নদীর ওপর ছিল। কুরস্কের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সেই স্মিরনভ টেলিগ্রামে শুক্রবারের হামলার বিষয়টি নিশ্চিত করেন, তবে বিস্তারিত তথ্য জানাননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার রাতে বলেছেন, কুরস্ক অঞ্চলে তাদের বাহিনী নিজেদের অবস্থান শক্তিশালী করছে।

ইউক্রেনের সেনাপ্রধান ওলেক্সান্দ্র সিরস্কি জানিয়েছেন, কিয়েভের সেনারা তাদের অগ্রগতি অব্যাহত রেখেছে এবং আরো কয়েকজন রুশ সেনাকে বন্দি করেছে।

জেলেনস্কি বলেছেন, অভিযানটি আমাদের প্রত্যাশিত পথেই এগোচ্ছে। এখন আমরা আমাদের অবস্থান আরও শক্তিশালী করছি। আমাদের উপস্থিতির ভিত্তি আরো মজবুত হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!