ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হত্যাচেষ্টার পরে প্রথম সাক্ষাৎকারে যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:০৪, ১৫ জুলাই ২০২৪
হত্যাচেষ্টার পরে প্রথম সাক্ষাৎকারে যা বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

নির্বাচনী সমাবেশে হত্যাচেষ্টার শিকার হওয়ার পর গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার রাতে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন এক্সামাইনারকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট এ সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি তার জাতীয় সম্মেলনের বক্তৃতা সম্পূর্ণ নতুনভাবে লিখবেন। সেখানে জো বাইডেনকে সমালোচনা করার পরিবর্তে ‘ঐক্যের’ বার্তায় গুরুত্ব দেওয়া হবে। সেই বক্তব্য অসাধারণ কিছু হতে চলেছে বলেও জানিয়েছেন ট্রাম্প।

অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম-পরিচয় জানালেও কেন তিনি হত্যাচেষ্টা চালিয়েছিলেন, তা এখনো জানাতে পারেনি মার্কিন তদন্তকারীরা।

Advertisement

অন্যদিকে প্রেসিডেন্ট জো বাইডেন এক রাষ্ট্রীয় টেলিভিশন ভাষণে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক মতপার্থক্য নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন এক্সামাইনারকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বৃহস্পতিবার আমি যে বক্তৃতা দেব সেটা বিশেষ কিছু হতে যাচ্ছে। এই বক্তব্য এখনও দেওয়া হয়নি। তবে দিলে, সেটা অসাধারণ বক্তব্যের মধ্যে একটি হতে চলেছে।

তিনি বলেন, এই বক্তব্যের বেশিরভাগ কথাই প্রেসিডেন্ট বাইডেনের বিভিন্ন নীতিকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। সত্যি বলতে, এই বক্তৃতা সম্পূর্ণ ভিন্ন কিছু হবে। দেশকে এক করার এটাই সুযোগ। আমাকে সেই সুযোগ দেওয়া হয়েছে।

গোলাগুলির সেই মুহূর্ত ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, আমি জানতাম যে পৃথিবী এই ঘটনা দেখছে। আমি জানতাম যে ইতিহাস এর বিচার করবে, এবং আমি জানতাম যে এই মানুষদের জানাতে হবে যে আমরা ঠিক আছি।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে এবং ধারণা করা হচ্ছে তিনি সেখানে আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসাবে মনোনীত হবেন।

নির্বাচনে তার রানিং মেট কে হবেন তাও তিনি এ সম্মেলন থেকে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, তিনি সোমবার থেকে শুরু হওয়া রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দিতে উইসকনসিনের উদ্দেশ্যে রওনা হবেন।

তবে প্রেসিডেন্ট জো বাইডেন ঐ হামলার জেরে তার নিজের নির্ধারিত প্রচারণামূলক কার্যক্রম স্থগিত করেছেন এবং পিছিয়ে দিয়েছেন। বাইডেন আগামী মঙ্গলবার তার প্রচারাভিযানে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে ট্রাম্পের ওপর বন্দুকধারীর হামলার ঘটনার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এবং সিক্রেট সার্ভিস। প্রেসিডেন্ট বাইডেন তার ভাষণে স্পষ্ট করেছেন, এই হামলাকে ঘিরে থাকা অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখনও অজানা।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ট্রাম্প
লিংক সফলভাবে কপি হয়েছে!