ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:২৩, ৩০ জুন ২০২৪
রেকর্ড বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, নিহত ১১
গুরগাঁওয়ে ভারী বৃষ্টিপাতের পর দিল্লি-জয়পুর এক্সপ্রেসওয়েতে জলাবদ্ধ রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে। ছবিটি গত শুক্রবারের। ছবি: এএফপি

ভারতের রাজধানী দিল্লিতে রেকর্ড বৃষ্টিতে বহু নিচু এলাকা ডুবে গেছে। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তর দিল্লিতে রোববার ও সোমবার (১ জুলাই) ভারি বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

গত শুক্রবার দিল্লিতে রেকর্ড-ভাঙা বৃষ্টি হয়েছে। এদিন নগরীটিতে ২২৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এটি ১৯৩৬ সালের পর থেকে জুন মাসের একদিনে হওয়া সর্বোচ্চ বৃষ্টিপাত। এই বৃষ্টির ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই দিল্লিবাসীকে আবারও ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। আবহাওয়া দপ্তর নগরীটিতে আজ রবিবার ও আগামীকাল সোমবার ভারি বৃষ্টি হতে পারে পূর্বাভাস দিয়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) রঙ-ভিত্তিক সতর্কতা পদ্ধতি অনুযায়ী অরেঞ্জ অ্যালার্ট লোকজনকে ভারি বৃষ্টির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানায়। আইএমডির আবহাওয়া বিজ্ঞানী সোমা সেন দেশটির গণমাধ্যমকে জানিয়েছেন, মৌসুমি বায়ু এগিয়ে আসছে, উত্তর ভারতের বেশ কয়েকটি অংশে ভারি বৃষ্টি হতে পারে।

বৃষ্টির মৌসুম শুরু হওয়ার আগে তাপদাহে দগ্ধ হচ্ছিল দিল্লি। এক পর্যায়ে নগরীর তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছিল। এই তাপদাহে বহু মানুষের মৃত্যু হওয়ার পর শুক্রবার থেকে নগরীজুড়ে শুরু হয় প্রবল বর্ষণ, এতে তাপমাত্রা নেমে গরম থেকে স্বস্তি মিললেও অতি বৃষ্টিতে ফের মৃত্যুর ঘটনা ঘটছে ও জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাব চলাকালে দিল্লিতে গড়ে প্রায় ৬৫০ মিলিমিটারের মতো বৃষ্টিপাত হয়, কিন্তু এবার প্রথম একদিনেই এর এক তৃতীয়াংশ বৃষ্টি হয়ে গেছে।

সূত্র- এনডিটিভি।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!