ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

৪৩ বছর জেল খাটার পর জানা গেল তিনি নির্দোষ!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ২০ জুন ২০২৪
৪৩ বছর জেল খাটার পর জানা গেল তিনি নির্দোষ!
ছবি: সংগৃহীত

খুনের দায়ে ৪৩ বছর জেলে থাকার পর সান্দ্রা হেম নামে এক নারীকে নির্দোষ ঘোষণা করলো যুক্তরাষ্ট্রের মিসৌরির একটি আদালত। কারামুক্ত হলে তিনিই হবেন বিনা দোষে সবচেয়ে বেশি দিন কারাগারে কাটানো কোনো নারী। 

সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের বিচারক সান্দ্রার নির্দোষ প্রমাণ হওয়াকে ‘স্পষ্ট এবং বিশ্বাসযোগ্য’ বলে রায় দিয়েছেন। তবে এখনো জেলেই অবস্থান করছেন তিনি। তার আইনজীবীরা জানিয়েছেন, খুনের মামলাটিতে একটি নতুন প্রমাণ পাওয়া গেছে। এই প্রমাণ অনুযায়ী, সাবেক এক পুলিশ কর্মকর্তা ওই খুনের ঘটনাটি ঘটিয়েছিলেন। 

জানা গেছে, চার দশকেরও বেশি সময় আগে ১৯৮০ সালে মিসৌরির সেন্ট জোসেফ এলাকায় খুন হয়েছিলেন প্যাট্রিসিয়া নামে এক লাইব্রেরি কর্মী। পরে এই হত্যার ঘটনায় অভিযুক্ত ও দোষী সাব্যস্ত করা হয়েছিল সান্দ্রাকে। 

Advertisement

দুর্ভাগ্যজনক বিষয় হলো—আদালতে সেই সময়ের ২০ বছর বয়সী সান্দ্রা নিজেই স্বীকারোক্তি দিয়েছিলেন যে, তিনি প্যাট্রিসিয়াকে হত্যা করেছেন। তবে পরবর্তীতে বেরিয়ে আসে বিচার চলার সময় মানসিকভাবে অসুস্থ ছিলেন সান্দ্রা। শক্তিশালী ওষুধের প্রভাবেই তিনি খুনের ঘটনায় নিজেকে জড়িয়ে ভুল-ভাল বক্তব্য দিয়েছিলেন। 

জানা গেছে, সান্দ্রার স্বীকারোক্তির বাইরে ওই খুনের ঘটনার সঙ্গে তার কোনো যোগসূত্রই খুঁজে পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীই সান্দ্রাকে অপরাধের দৃশ্যের সঙ্গে যুক্ত করেননি। প্যাট্রিসিয়াকে ক্ষতি করার কোনো উদ্দেশ্য কিংবা কারণও ছিল না তার। দুজনের দেখা হয়েছিল কখনো এমন প্রমাণও হাজির করা যায়নি। কোনো শারীরিক বা ফরেনসিক প্রমাণও সান্দ্রাকে দোষী প্রমাণ করতে পারেনি। 

চলতি বছরের জানুয়ারিতে সান্ড্রা হেমের আইনজীবীরা আদালতে ১৪৭ পাতার নথি জমা দিয়ে দাবি করেন, তাদের মক্কেল নির্দোষ। সেই নথি পর্যালোচনা করে এবং তিন দিনের শুনানির পরে বিচারক শুক্রবার রায় দেন, সান্ড্রা নির্দোষ। ৩০ দিনের মধ্যেই নির্দোষ সান্দ্রাকে মুক্তি দিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!