ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাফায় ইসরায়েলের পুরোদমে হামলা বিপর্যয়ের শামিল হবে: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১০, ৮ মে ২০২৪
রাফায় ইসরায়েলের পুরোদমে হামলা বিপর্যয়ের শামিল হবে: গুতেরেস
ফাইল ছবি

গাজা উপত্যকার রাফা শহরে ইসরায়েলি অভিযানের প্রতিক্রিয়া ‘পুরো অঞ্চলে’ ছড়িয়ে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাফায় ইসরায়েলের অভিযানের ফলে গাজা উপত্যকায় তৈরি হওয়া পরিস্থিতি ‘ভুল পথে’ এগোচ্ছে বলেও সতর্ক করে দেন তিনি।

অ্যান্তোনিও গুতেরেস হুঁশিয়ার করে বলেন, রাফায় ইসরায়েলের অভিযানের প্রতিক্রিয়া ও সেখানে পুরোদমে হামলা ‘বিপর্যয়ের’ শামিল হবে। রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযানের পরিণাম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এ মন্তব্য করেন। 

মহাসচিব বলেন,এ হামলায় আরো অসংখ্য বেসামরিক লোকজনের হতাহত হওয়ার ঘটনা ঘটবে। অসংখ্য পরিবার আবার পালাতে বাধ্য হবে; যদিও যাওয়ার কোনো নিরাপদ জায়গা নেই।

Advertisement

উল্লেখ্য, মঙ্গলবার (৭ মে) সকালে  রাফাতে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েল।যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং আহত হয় অনেকে।

ফিলিস্তিনের সরকারী বার্তা সংস্থা রাফাতে দুটি পৃথক হামলায় আটজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মঙ্গলবার স্থানীয় সময় ভোরের একটি ফেসবুক পোস্ট অনুসারে রাফার কুয়েত হাসপাতালে ১১ জন মৃত ব্যক্তিকে গ্রহণ করা হয়েছে। 

প্রায় সাত মাসের যুদ্ধে  গাজার বিভিন্ন প্রান্ত থেকে ১০ লাখের বেশি ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে মিসর সীমান্তবর্তী শহর রাফায় আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বাহিনী এবার সেখানেও হামলা শুরুর পর প্রাণ বাঁচাতে রাফাথেকে অন্য আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!