ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০২, ১৪ এপ্রিল ২০২৪
যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করলো ইরান
ফাইল ছবি

ইসরায়েলে হামলা চালানোর ঘটনায় তেহরানের নিন্দা করে বিবৃতি দেওয়ায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের তলব করেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তিন দেশের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে বর্ণনা করেছে। একইসঙ্গে তাদের আচরণকে দ্বিমুখী বলে অভিযোগ করেছে তেহরান।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানের কনস্যুলেটে ইসরায়েলের হামলার প্রতিশোধে রোববার রাতে ইরানজুড়ে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরান এ হামলাকে প্রতিশোধমূলক এবং বৈধ বলে মনে করে। তবে ইসরায়েলে ইরানের এই হামলার পরেই পশ্চিমা দেশগুলো তেহরানকে নিন্দা করে বিবৃতি দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে।

Advertisement

ইরান আগেই প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিল। অন্যদিকে ইরান যেন ইসরায়েলে হামলা না করে এজন্য বারবার সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। তবে ইরান তার সিদ্ধান্তে অনড় থাকে এবং রোববার রাতে ইসরায়েল লক্ষ্যে তিনশটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

হামলার পরপর তেল আবিব ও পশ্চিম জেরুজালেমসহ ইসরায়েলি শহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ছাড়া ইসরায়েলের ৭২০টির বেশি জায়গায় বিমান হামলার সাইরেন বাজানোর শব্দ শোনা গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ক্রুজ মিসাইলসহ বেশ কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। তাদের হামলায় ২০০টির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এদের বেশিরভাগ ইসরায়েলি সীমার বাইরে প্রতিহত করা হয়েছে।

শনিবার রাতের এই হামলাকে অপারেশন ট্রু প্রোমিজ নাম দিয়েছে ইরান। এ হামলাকে সীমিত ও নির্ধারিত বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা। বিশ্লেষকরা মনে করছেন, ইরান কী করতে সক্ষম তার সামান্য চিত্র দেখাল মাত্র। এটা এমন একটি দৃশ্য যা কখনো কেউ দেখেনি।

এমন হামলার পরেই পাল্টা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, একই সঙ্গে ইসরায়েলের প্রতিও সতর্কবার্তা দিয়ে রেখেছে দেশটি। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে আইআরজিসির এক কমান্ডার জানান, ইসরায়েল যদি প্রতিক্রিয়া দেখায় তাহলে তার চেয়েও কড়া প্রতিক্রিয়া দেখাবে ইরান।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!