গত সোমবার পণ্যবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে পড়ে যাওয়ার সময় সেতুতে কাজ করা অবস্থায় আটজন নির্মাণ শ্রমিক পানিতে ডুবে যায়। তাদের মধ্যে দুইজনকে সোমবার দিনই উদ্ধার করা হয়েছিল।
নিখোঁজ থাকা ছয়জনের মধ্যে দুজনের মরদেহ পাওয়া গেল। বাকি চারজনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে তারা বেঁচে নেই বলে ধারণা কর্তৃপক্ষের।
.png)
এদিকে সেতু ধসে নিহত ছয়জনের মধ্যে এখন পর্যন্ত চারজনের নাম জানা গেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার একটি প্রেস কনফারেন্সে, মেরিল্যান্ড অঙ্গরাজ্য পুলিশ জানায় যে, ডুবে যাওয়া ট্রাকের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধারকৃতদের নাম হল আলোজান্দ্রো হার্নান্দেজ ফুয়েন্টেস (৩৫) ও ডরলিয়ান রনিয়াল ক্যাস্টিলো ক্যাবরেরা (২৬)। ফুয়েন্টেস মেক্সিকো ও ক্যাবরেরা গুয়াতেমালার বাসিন্দা ছিলেন।
অন্যদিকে নিখোঁজ চারজনের মধ্যে দুজন হলেন এল সালভেদরের মিগুয়েল লুনা ও হন্ডুরাসের মেনর সুয়েজো স্যানডোভাল।
পুলিশ জানিয়েছে, নদীতে কংক্রিট এবং ধ্বংসাবশেষের কারণে ডুবুরিরা নিরাপদে পানিতে চলাচল করতে পারছে না। এই কারণে সোনার স্ক্যান ব্যবহার করছেন তারা। তাদের ধারণা, পানিতে ডুবে যাওয়া যানবাহনগুলোতে আরো মরদেহ থাকতে পারে।