ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল হুতি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ১৪ মার্চ ২০২৪
এবার অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল হুতি
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র - ফাইল ছবি

শব্দের চেয়ে আটগুণ গতিসম্পন্ন অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী।

বৃহস্পতিবার (১৪ মার্চ) একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুৎনিক নিউজ

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা শব্দের চেয়ে আটগুণ বেশি দ্রুত গতিতে (ম্যাক-৮) ছুটতে পারে।

Advertisement

সূত্রটি জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে অভিযান পরিচালনা করার জন্য ব্যবহার করতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। তবে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের চলাচল স্বাভাবিক রাখতে হুতিদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

বৃহস্পতিবার (১৪ মার্চ) মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় চারটি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতি সেন্টকমের পক্ষ থেকে বলা হয়, এসব অস্ত্র দিয়েই বিভিন্ন বাণিজ্যিক জাহাজ ও মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা।

এর আগে ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত এলাকা থেকে এডেন উপসাগরে একটি অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া গেছে। তবে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে কোনো জাহাজে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!