এডেন উপকূলে স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে জাহাজটিতে হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক বাহিনী জানায়। বার্বাডোস-পতাকাযুক্ত ট্রু কনফিডেন্স নামে পণ্যবাহী ওই জাহাজটিতে হামলার পরপরই আগুন ধরে যায়।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, কার্গো জাহাজে হুথিদের হামলার পর প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটলো।
.png)
মধ্যপ্রাচ্যে অপারেশন তত্ত্বাবধান করা মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তিন ক্রু সদস্য নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সামাজিক মাধ্যমে এক পোস্টে বলা হয়েছে, হুথিদের এই বেপরোয়া আক্রমণ বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে এবং আন্তর্জাতিক নাবিকদের জীবন নিচ্ছে।
হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের এসব হামলা। এক বিবৃতিতে হুথি বলেছে, জাহাজটির ক্রুরা তাদের দেওয়া সতর্কতা অবজ্ঞা করেছে। যতদিন পর্যন্ত ইসরায়েল গাজায় সংঘাত থামাবে না ততদিন পর্যন্ত জাহাজে হামলা বন্ধ করবে না বলে জানিয়েছে হুথি।