ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যে কারণে পাকিস্তানের নির্বাচনের ফল প্রকাশে দেরি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২৪
যে কারণে পাকিস্তানের নির্বাচনের ফল প্রকাশে দেরি
ছবি: সংগৃহীত

পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার অনেক ঘণ্টা পরও ফলাফল সম্পর্কে স্পষ্ট করে কিছু জানা না যাওয়ায় প্রশ্ন উঠেছে। নির্বাচন পর্যবেক্ষকেরা বলছেন, পাকিস্তানের অতীতের নির্বাচনগুলো বিবেচনায় নিলে এবার ফল ঘোষণায় এমন বিলম্ব অস্বাভাবিক।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটির গণপরিষদ ও প্রাদেশিক পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সাধারণত ভোটগ্রহণ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু এবার নজিরবিহীনভাবে দেশটির নির্বাচন কমিশন ফল প্রকাশে দেরি করছে। তবে ফল প্রকাশে দেরির কারণ হিসেবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে।

শুক্রবার সকালে পাকিস্তানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে যোগাযোগ ব্যাহত হওয়ায় ফল প্রকাশে দেরি হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

Advertisement

টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশে দেরি হওয়ার বিষয়ে গণমাধ্যম ও জনসাধারণের উদ্বেগের বিষয়টি আমলে নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফল প্রকাশে দেরি হওয়ার কারণ হিসেবে ওই পোস্টে বলা হয়েছে, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত প্রতিরোধমূলক ব্যবস্থার ফলাফল হিসেবে যোগাযোগ কমে যাওয়ার কারণে ফলাফল প্রকাশে দেরি হচ্ছে।’

ওই টুইটে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, ‘পরিস্থিতি এখন সন্তোষজনক। আমরা আশা করেছি, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের ফলাফল কোনো বাধা ছাড়াই আসতে থাকবে।’

এদিকে, ইমরান খানের দলের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির মহাসচিব ওমর আইয়ুব খান দাবি করেছেন, তার দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে এগিয়ে রয়েছেন।

একটি মাইক্রো ব্লগিং সাইটে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে আছে। আমি এর জন্য আপনাদের অভিনন্দন জানাই। আমরা নতুন সরকার গঠনের অবস্থানে থাকব।’

সূত্র: ডন নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!