ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় দূতাবাসকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় দূতাবাসকর্মী গ্রেফতার
সতেন্দ্র সিওয়াল - ফাইল ছবি

পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার ভারতীয় দূতাবাসের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের উত্তর প্রদেশের মিরুট থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্যের এন্টি-টেররিজম স্কোয়াড (এটিএস)।

জানা গেছে, গ্রেফতার ওই ব্যক্তির নাম সতেন্দ্র সিওয়াল। তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে মাল্টি টাস্কিং স্টাফ (এমটিএস) হিসেবে কর্মরত ছিলেন। ২০২১ সাল থেকে মস্কোতে ভারতীয় দূতাবাসে ভারতভিত্তিক নিরাপত্তা সহকারী (আইবিএসএ) হিসেবে কাজ করছেন তিনি।

Advertisement

সম্প্রতি গোপন সূত্র থেকে সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষ জানতে পারে, ভারতীয় সেনাবাহিনী-সংক্রান্ত স্পর্শকাতর তথ্য পাচার করার জন্য দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মীদের প্রলুব্ধ করছে আইএসআই।

তথ্য পাচারের বিনিময়ে তাদের আর্থিক প্রণোদনার প্রলোভন দেখানো হচ্ছে। আর এভাবে তথ্য পাচারের কারণে অভ্যন্তরীণভাবে এবং বিদেশে ভারতের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে।

সত্যেন্দ্র সিওয়াল উত্তর প্রদেশের হাপুর এলাকার শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা। সত্যেন্দ্রর বিরুদ্ধে অভিযোগ, তিনি মস্কোতে ভারতীয় দূতাবাসে দায়িত্ব পালনের সুবাদে সেখান থেকে গোপনীয় নথি পাচার করেছেন। অর্থের প্রলোভনে পড়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় সামরিক কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ তথ্য তিনি আইএসআইয়ের কাছে পাচার করেছেন।

সত্যেন্দ্রকে মিরাটে সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষের কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদে তিনি সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন। পরে সত্যেন্দ্র গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!