ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়ার দখলকৃত শহরে ইউক্রেনের হামলা, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮, ৪ ফেব্রুয়ারি ২০২৪
রাশিয়ার দখলকৃত শহরে ইউক্রেনের হামলা, নিহত ২০
ছবি: সংগৃহীত

রাশিয়ার দখলকৃত পূর্বাঞ্চলীয় শহর লিসিচানস্কে ইউক্রেনের গোলাবর্ষণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

রাশিয়া জানিয়েছে, লিসিচানস্ক শহরের একটি বেকারিকে লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী এই হামলা চালায়। প্রতি সপ্তাহান্তে এই বেকারিতে বহু মানুষ ভিড় করে থাকেন।

সংবাদমাধ্যম এএফপি জানিয়েছে, ইউক্রেনের এই আক্রমণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন দেশটির সঙ্গে রাশিয়ার যুদ্ধ প্রায় দুই বছর পূরণ করতে চলেছে। পূর্ব ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের লিসিচানস্ক শহরে মস্কোর আক্রমণের আগে জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ১০ হাজার। ২০২২ সালের গ্রীষ্মে নৃশংস যুদ্ধের পরে শহরটি রাশিয়ান বাহিনীর হাতে চলে যায়।

Advertisement

রাশিয়ার জরুরি মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, লিসিচানস্কে রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

হামলার পর এক ভিডিওতে উদ্ধারকারীদের অন্ধকারে কাজ করতে দেখা যায়। মৃতদেহ বের করার পাশাপাশি আহত এক নারীকে জীবিত খুঁজে পান তারা। পরে তারা তাকে ব্যাপক ধ্বংসপ্রাপ্ত ভবন থেকে বের করে আনতে স্ট্রেচার ব্যবহার করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!