ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লোহিত সাগরে হুথিদের হামলা নিয়ন্ত্রণে ইরানকে চীনের চাপ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৫, ২৬ জানুয়ারি ২০২৪
লোহিত সাগরে হুথিদের হামলা নিয়ন্ত্রণে ইরানকে চীনের চাপ
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এর জেরে ইরান-সমর্থিত এই গোষ্ঠীর অবস্থানগুলোতে দফায় দফায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এতে বন্ধ হয়নি হামলা। আর এবার লোহিত সাগরে হুথিদের হামলার লাগাম টেনে ধরতে ইরানকে চাপ দিয়েছে চীন।

শুক্রবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের কর্মকর্তারা ইরানের ওপর হুথিদের হামলা বন্ধের জন্য চাপ দিচ্ছে। এমনকি তারা ইরানের ওপর হামলা বন্ধ না করলে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, তেহরান হামলা বন্ধে পদক্ষেপ না নিলে বেইজিং ইরান ও চীনের মধ্যকার বাণিজ্য সীমিত করার হুমকি দিয়ছে।

ইরানের এক কর্মকর্তা জানান, মূলত চীন বলেছে, ‘যদি কোনোভাবে আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে ইরানের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক প্রভাবিত হবে। অতএব হুতিদের বলুন যেন তারা সংযত হয়।’

এর আগে সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের দফায় দফায় হামলায় বিপর্যস্ত পশ্চিমারা। কোনোভাবেই ইরানপন্থি বিদ্রোহী গোষ্ঠীকে থামাতে পারছে না তারা। এমন পরিস্থিতিতে হুতি যোদ্ধাদের হাত থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় প্রধান শত্রু চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র।

চলতি মাসে ওয়াশিংটন ডিসিতে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক যোগাযোগ বিভাগের প্রধান লিউ জিয়ানচাও-এর সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। বৈঠকে হুথিদের হামলা থামাতে ইরানের ওপর চাপ প্রয়োগ করতে চীনকে আহ্বান জানান মার্কিন কর্মকর্তারা।

গত ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে হামাসের প্রতি সমর্থন জানায় হুথিরা। তাদের সমর্থনের অংশ হিসেবে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলগামী ও ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা করে আসছে তারা। নভেম্বরে ইসরায়েল সংশ্লিষ্ট গ্যালাক্সি লিডার জাহাজ জব্দ করার পর থেকে অন্তত ২৬টি জাহাজে হামলা চালিয়েছে এ গোষ্ঠীটি হুতিরা। তাদের হামলার ভয়ে বিভিন্ন জাহাজ কোম্পানি হয় লোহিত সাগর এড়িয়ে ভিন্ন পথে গন্তব্যে যাচ্ছে নতুবা চুক্তিই বাতিল করে দিচ্ছে।

লোহিত সাগর দিয়ে প্রতিদিন তিন থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আনা-নেওয়া করা হয়। তবে হুথিদের হামলার জেরে এর পরিমাণ প্রায় ৪০ শতাংশের বেশি কমে গেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!