সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মিজোরামের লেংপুই বিমানবন্দরে মিয়ানমারের সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। মিজোরামের ডিজিপির কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বিমানটি ছোট ছিল এবং পাইলটের সাথে ১৪ জন আরোহী ছিলেন।
এএনআই জানিয়েছে, ১৪ জনের মধ্যে ছয়জন আহত হয়েছেন, আর আটজন নিরাপদে আছেন বলে ডিজিপি জানিয়েছেন। আহত ব্যক্তিদের দ্রুত লেংপুই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদের চিকিৎসা চলছে।
.png)
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সেনাবাহিনীর বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম এএনআই।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির কয়েকটি অঞ্চলে বিদ্রোহীদের সাথে চলছে সামরিক বাহিনীর এই সংঘাত।
আর সশস্ত্র জাতিগত গোষ্ঠীর সাথে সংঘর্ষের মধ্যেই গত সপ্তাহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পালিয়ে যান মিয়ানমারের ২৭৬ জন সেনা। বিদ্রোহীদের সঙ্গে সীমান্ত এলাকায় সংঘর্ষের পর তারা ভারতে প্রবেশ করে আশ্রয় নেন।
এনডিটিভি বলছে, ভারত সোমবার অন্তত ১৮৪ মিয়ানমারের সেনাকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে। আসাম রাইফেলসের একটি বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে, গত সপ্তাহে মোট ২৭৬ জন মিয়ানমারের সেনা মিজোরামে প্রবেশ করেছিল এবং সোমবার তাদের মধ্যে ১৮৪ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার বিকেলে মিয়ানমারের ২৭৬ জন সেনা তাদের অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মিজোরাম-মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত ট্রাইজেকশনের বান্দুকবাঙ্গা গ্রামে পৌঁছায় এবং সহায়তার জন্য আসাম রাইফেলসের কাছে যায়।