ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে বছরজুড়ে ২৯ আত্মঘাতী, ৬২৩ জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৯, ২৬ ডিসেম্বর ২০২৩
পাকিস্তানে বছরজুড়ে ২৯ আত্মঘাতী, ৬২৩ জঙ্গি হামলা
ছবি: সংগৃহীত

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলার নতুন রেকর্ড হয়েছে। চলতি বছর দেশটিতে ২০১৩ সালের পর সর্বোচ্চসংখ্যক আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার অর্ধেকই চালানো হয়েছে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে।

পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) প্রকাশ করা এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। দেশটিতে আশঙ্কাজনকভাবে আত্মঘাতী বোমা হামলার সংখ্যা বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে দেশজুড়ে ২৯টি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। এতে মৃত্যু হয়েছে ৩২৯ জনের এবং আহত হয়েছে প্রায় ৫৮২ জন। পিআইসিএসএস বলছে, ২০১৩ সালে পাকিস্তানে ৪৭টি আত্মঘাতী বোমা হামলায় ৬৮৩ জনের প্রাণহানি ঘটে। এরপর গত এক দশকে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।

Advertisement

পিআইসিএসএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশজুড়ে ৬২৩টি জঙ্গি হামলা হয়েছে। ২০২২ সালে এ ধরনের হামলার ঘটনা ছিল ৩৮০টি। অপরদিকে ২০২৩ সালে মোট হামলার মধ্যে ২৯টি আত্মঘাতী হলেও ২০২২ সালে তা ছিল ১৫টি।

আত্মঘাতী হামলার প্রধান লক্ষ্য ছিল নিরাপত্তা বাহিনী। হামলার দ্বিতীয় সর্বোচ্চ ভুক্তভোগী হলেন বেসামরিক নাগরিকেরা। প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে কম তিনটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে ২০১৯ সালে। এ ছাড়া চারটি করে আত্মঘাতী হামলা হয় পরের দুই বছরে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!