চীনের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে গত সপ্তাহ থেকে রেকর্ড ব্রেকিং শীত শুরু হয়েছে। তাছাড়া উত্তরাঞ্চলের কিছু এলাকায় তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রিতে নেমে গেছে।
বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, ডিসেম্বর মাসে রোববার (২৪ ডিসেম্বর) পর্যন্ত ৩০০ ঘণ্টার বেশি জিরো ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ১৯৫১ সালের পর রেকর্ড। বলা হয়েছে, এই মাসে বেইজিংয়ে একটানা নয় দিন মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
.png)
জানা গেছে, চলতি মাসে চীনের অধিকাংশ অঞ্চলেই শৈত্যপ্রবাহ চলছে। এমন পরিস্থিতিতে সাধারণত উষ্ণায়নের ব্যবস্থা নেয়া হয়। কিন্তু উত্তর চীনের কিছু শহরে এ ব্যবস্থা অপর্যাপ্ত প্রমাণিত হয়েছে। চীনের হেনান প্রদেশে পরিচালনাগত ত্রুটি দেখা দিয়েছে কয়েক দফা।
গত শুক্রবার জিয়াচুও শহরেও উষ্ণায়ন সুবিধা ওয়াংফাং বিদ্যুৎ কেন্দ্রে গোলযোগের জন্য বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান হয় পরের দিন। এদিকে ফুইয়াং ও ফিংতিংশান শহরের অধিকাংশ সরকারি ভবন ও রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানে সংযোগ বন্ধ রাখা হয়েছে। এর প্রধান কারণ হল হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক ভবনগুলো উষ্ণায়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে।
এর আগে শৈত্যপ্রবাহের কারণে বেইজিং মেট্রো চলাচলে সংকট দেখা দেয়। শৈত্যপ্রবাহের কারণে রেললাইন অস্বাভাবিকভাবে পিচ্ছিল হয়ে যায়। এমন এক ঘটনায় শতাধিক মানুষ ভাঙা হাড় নিয়ে হাসপাতালে ভর্তি হন।
দেশটির উত্তর পশ্চিমে অবস্থিত গানসু প্রদেশে সাম্প্রতিক এক ভূমিকম্পে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। আবহাওয়ার কারণে ব্যহত হয়েছে সেখানকার উদ্ধার কার্যক্রমও।