ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দেড়শ বছর পর বাচ্চা দিলো নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৯, ২ ডিসেম্বর ২০২৩
দেড়শ বছর পর বাচ্চা দিলো নিউজিল্যান্ডের জাতীয় পাখি কিউই
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে দুটি বুনো কিউই পাখির ছানার জন্ম হয়েছে। শহরটিতে দেড়শ বছরের বেশি সময় পর কিউই ছানা জন্ম নিল। ক্যাপিটাল কিউই প্রজেক্ট দেশের জাতীয় পাখিটিকে পুনঃপ্রবর্তনের এক বছর পর এ সুসংবাদ এলো।

ওয়েলিংটন শহর থেকে ২৫ মিনিটের দূরত্ব মাকারায় ক্যাপিটাল কিউই প্রজেক্টে এ দুটি ছানার জন্ম হওয়ায় জায়গাটিতে মোট নর্থ আইল্যান্ড ব্রাউন কিউই বা বাদামি কিউই পাখির সংখ্যা গিয়ে দাঁড়াল ৬৫-তে।

ব্রাউন কিউই নিউজিল্যান্ডের সবচেয়ে পরিচিত কিউই প্রজাতিগুলোর একটি। তবে নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কনজারভেশনের মতে, পর্যাপ্ত সংরক্ষণ ও সহায়তা ছাড়া পাখিটি দুই প্রজন্মের মধ্যে বন্য অবস্থা থেকে বিলুপ্ত হতে পারে।

Advertisement

ক্যাপিটাল কিউই প্রজেক্টের অংশ হিসেবে আরো ১৮টি বাদামি কিউই ছানা শিগগিরই ডিম ফুটে জন্ম নেয়ার কথা। এই প্রজেক্টের মাধ্যমে নিউজিল্যান্ডের রাজধানীতে কিউইদের বড় ধরনের বন্য জনসংখ্যা পুনরুদ্ধারে আশা করা হচ্ছে। প্রকল্পটির পক্ষ থেকে দুটি নতুন কিউই ছানা এবং ডিম থেকে বের হওয়া অন্য যেকোনো ছানাকে পর্যবেক্ষণে রাখার জন্য ট্রান্সমিটার ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

কিউই পাখির সংখ্যা বৃদ্ধিতে কাজ করা ৯০টির মতো প্রতিষ্ঠানের একটি সেভ দ্য কিউই। এ প্রতিষ্ঠানের দেওয়া তথ্য বলছে, একসময় নিউজিল্যান্ডে ১ কোটি ২০ লাখের মতো উড়তে অক্ষম এই পাখির বাস থাকলেও এখন এ সংখ্যা ঠেকেছে ৬৮ হাজারে। ৯৫ শতাংশ বুনো কিউই ছানা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই শিকারি প্রাণীর হাতে মারা যায়।

১৯৯১ সালে নিউজিল্যান্ড ডিপার্টম্যান্ট অব কনজারভেশন কিউই রিকভারি প্ল্যান বা কিউই পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয়। যেখানে শিকারি প্রাণী নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষকে এই সংরক্ষণ প্রকল্পে জড়িত করার বিষয়ে জোর দেওয়া হয়।

নিউজিল্যান্ডের ডিপার্টম্যান্ট অব কনজারভেশনের দেওয়া তথ্য বলছে, প্রতি বছর দেশের কিউইর সংখ্যা কমছে ২ শতাংশ করে। এতে বড় ভূমিকা কুকুর, বিড়াল এবং বেজিজাতীয় প্রাণী স্টোট ও ফ্যারেটের।

ক্যাপিটাল কিউই প্রজেক্টের দলনেতা পল ওয়ার্ড জানিয়েছেন, একটি প্রাপ্তবয়স্ক কিউইর জন্য একমাত্র সমস্যা শহরে ঘুরে বেড়ানো কুকুর। এছাড়া ছানাগুলো টিকে থাকার মতো পরিস্থিতিতে পৌঁছানোর আগেই এদের খেয়ে ফেলে স্টোটরা।

গত বছরের নভেম্বরে ওয়েলিংটনের কাছে ৬৩টি কিউই পাখি ছাড়া হয়। এর মাধ্যমে এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে প্রথমবার এই এলাকায় বন্য কিউইদের বসবাস শুরু হয়।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!