ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাজায় ইসরায়েলি হামলায় ৪৭টি মসজিদ ও ৭ গির্জা ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ৩০ অক্টোবর ২০২৩
গাজায় ইসরায়েলি হামলায় ৪৭টি মসজিদ ও ৭ গির্জা ধ্বংস
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত তিন সপ্তাহ ধরে দখলদার ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় অন্তত ৪৭টি মসজিদ ও সাতটি গির্জা ধ্বংস হয়ে গেছে। গাজার সরকারি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রোববার (২৯ অক্টোবর) গাজার সরকারি তথ্য দপ্তর জানায়, ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল, সরকারি দপ্তর, উপাসনালয়—কিছুই বাদ যায়নি। গত তিন সপ্তাহে সেখানে ২০৩টি বিদ্যালয় ভবনে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে ৮০টি সরকারি দপ্তর।

তথ্য দপ্তরের পরিচালক সালামা মারৌফ বলেন, ইসরায়েলি বোমাবর্ষণে ২ লাখ ২০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অন্তত ৩২ হাজার আবাসিক ভবন।

Advertisement

ইসরায়েল ৭ অক্টোবর হামলা শুরুর পর গতকাল রোববার পর্যন্ত ৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে। এর মধ্যে ৩ হাজারের বেশি শিশু এবং ২ হাজারের বেশি নারী। আহত হয়েছেন ২০ হাজারের বেশি।

এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার মরদেহ পড়ে আছে। এ ছাড়া পশ্চিম তীরেও হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১২।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৩১ জন সেনা। এ ছাড়া নিজেদের বন্দীদের মুক্ত করে আনতে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে রেখেছেন হামাস যোদ্ধারা। জিম্মিদের বেশ কয়েকজন পশ্চিমা দেশগুলোর দ্বৈত নাগরিক।

সূত্র: আল-জাজিরা, আনাদলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!