ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাত দেশের নাগরিকদের ‘ফ্রি ভিসা’ দেবে শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৩১, ২৫ অক্টোবর ২০২৩
সাত দেশের নাগরিকদের ‘ফ্রি ভিসা’ দেবে শ্রীলংকা
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকট কাটাতে পর্যটনের ওপর গুরুত্ব বাড়াচ্ছে শ্রীলংকা। এরই অংশ হিসেবে এবার সাতটি দেশের নাগরিকদের ফ্রি ভিসায় ভ্রমণের সুযোগ দিচ্ছে শ্রীলংকার সরকার। দেশগুলো হল- চীন, ভারত, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

মঙ্গলবার (২৪ অক্টোবর) শ্রীলংকার গণমাধ্যম বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, একটি পাইলট প্রকল্পের আওতায় আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এসব দেশের পর্যটকরা ফ্রি ভিসায় শ্রীলংকায় সফর করতে পারবেন। শ্রীলংকার ভিসার জন্য তাদের পয়সা গুণতে হবে না।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সংকটে টালমাটাল পরিস্থিতে গত বছর রাজনৈতিক পট পরিবর্তন হয় শ্রীলংকার। বিপুল পরিমাণ ঋণের বোঝা নিয়ে নিজেদের খেলাপি ঘোষণা করে পর্যটন নির্ভর দেশটি। এখন সংকট উত্তরণে এই খাতে চলছে জোর প্রচেষ্টা। ২০২৬ সালের মধ্যে ৫০ লাখ পর্যটকের আগমন ঘটানোর লক্ষ্য রয়েছে সরকারের।

Advertisement

রয়টার্স জানিয়েছে, ২ কোটিরও বেশি জনসংখ্যার দেশটি সৈকত, প্রাচীন মন্দির ও সুগন্ধি নানা চায়ের জন্য বিখ্যাত। ২০২০ সালের শুরু থেকে কোভিড মহামারী আর গত বছর গুরুতর আর্থিক সংকটে রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশটির পর্যটন খাত। এমন অবস্থা থেকে উত্তরণে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

চলতি বছর শ্রীলংকার পর্যটনে পরিবর্তন দেখা যাচ্ছে। সেপ্টেম্বরের মধ্যে বা প্রথম নয় মাসেই দেশটিতে ১০ লাখ লোকের সমাগম হয়েছে। যা ২০১৯ সালের পর প্রথম। সামনে শীত, যখন পর্যটকদের আগমন ঘটে সবচেয়ে বেশি। তাই বছর শেষে এই হিসাব ১৫ লাখে গিয়ে ঠেকার প্রত্যাশা করছে সরকার।

শ্রীলংকার কেন্দ্রীয় ব্যাংক বলছে, এ বছর প্রথম আট মাসে পর্যটন থেকে ১৩০ কোটি ডলার আয় হয়েছে। গত বছর হয়েছিল ৮৩ দশমিক ৩ কোটি ডলার।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!