সোমবার (২ অক্টোবর) কোচিতে প্রবল বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ে বের হন চিকিৎসক আদভাইত ও আজমল। দু’জনেরই বয়স ২৯ বছর। একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন তারা। এদিন গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি চালাচ্ছিলেন তারা। তাদের সঙ্গে ছিল আরো তিনজন। সবাই কোদানগাল্লুরে ফিরছিলেন।
ফেরার পথে রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনায় পড়ে তাদের গাড়ি। জানা গেছে, গুগল ম্যাপে নদীকে জলমগ্ন রাস্তা ভেবে ভুল করে বসেন তারা। বায়ে টার্ন নেয়ার বদলে গাড়ি নিয়ে যান সামনে। ফলে গাড়ি গিয়ে সোজা পেরিয়ার নদীতে নেমে যায়। এ সময় বাকিরা বের হতে পারলেও আদভাইত-আজমাল পারেননি। গাড়ির মধ্যেই প্রাণ হারান তারা।
.png)
আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। খবর দেন ফায়ার সার্ভিস ও পুলিশে। ঘটনাস্থলে যায় ডুবুরিরাও। তারাই ডুবন্ত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।
সূত্র: এনডিটিভি