ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় ২৫ বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:০১, ২৫ সেপ্টেম্বর ২০২৩
মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় ২৫ বিদ্রোহী নিহত
ছবি: সংগৃহীত

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় ২৫ বিদ্রোহী সেনা নিহত হয়েছে।

গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে সাগাইং অঞ্চলের মাইনমু শহরে চালানো অতর্কিত দুটি হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে। 

প্রতিবেদনে জানানো হয়, মাইনমু শহরে অতর্কিতভাবে চালানো দুটি হামলায় পিপলস ডিফেন্স ফোর্সসহ (পিডিএফ) সশস্ত্র জান্তাবিরোধী প্রতিরোধ গোষ্ঠীর ২৫ সদস্য নিহত হয়েছেন।

Advertisement

এর মধ্যে মাইনমু শহরের ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চ্যা ইয়ার তাও গ্রামের কাছে জান্তা বাহিনীর প্রথম আক্রমণটি হয়। ১৮ জন বিদ্রোহী যোদ্ধাকে বহনকারী একটি গাড়িকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।

হামলার শিকার এই বিদ্রোহীরা মাইনমু এবং মায়াংয়ে মধ্যে ভ্রমণ করছিলেন। সাগাইং ডিস্ট্রিক্ট পিডিএফ-এর ৫ম ব্যাটালিয়নের মুখপাত্রের মতে, জান্তা বাহিনীর ওই হামলায় গাড়ির আরোহীদের সবাই নিহত হয়েছেন।

এর কয়েক মিনিট পর প্রতিরোধ বাহিনীর সাত সদস্যের আরেকটি মোটরসাইকেল কনভয়কে লক্ষ্য করে জান্তা বাহিনীর একই ইউনিট হামলা চালায়। পিডিএফ তথ্য কর্মকর্তা বলেন, ওই হামলায়ও কেউ বেঁচে নেই।

নিহত যোদ্ধারা সাগাইং ডিস্ট্রিক্ট পিডিএফের ৫ম ও ৬ষ্ঠ ব্যাটালিয়নের পাশাপাশি মাইনমু টাউনশিপের কিয়াউত মিন গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য ছিল। তারা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের (আইডিপি) দখলকৃত স্থান থেকে নিরাপদে পালাতে সাহায্য করার চেষ্টা করছিলেন বলে জানা গেছে।

পিডিএফ মুখপাত্র বলেছেন, ‘যখন সামরিক বাহিনী ওই গ্রামগুলোতে আক্রমণ শুরু করে, তখন আমার ব্যাটালিয়নের কমরেডরা ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন, তারা এবং তাদের বন্ধুরা বাস্তুচ্যুত ব্যক্তিদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। আক্রমণের প্রথম প্রচেষ্টার সময় তারা পালিয়ে যায়। এরপর বাকি বাস্তুচ্যুতদের সাহায্য করতে তারা ফিরে গেলে তাদের ওপর আবার হামলা করে হত্যা করা হয়।’

এদিকে অতর্কিত এই হামলার পর জান্তাপন্থি টেলিগ্রাম চ্যানেলের বেশ কিছু ছবি প্রকাশ করা হয়। এসব ছবিতে জ্বলন্ত গাড়ি, রক্তাক্ত মরদেহ দেখা যায়। পরে নিহতদের মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যাওয়া হয় এবং শনিবার বিকেলে তাদের স্বজন ও ব্যাটালিয়নের সদস্যরা দাফন করে।

পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম দ্য ইরাবতী জানিয়েছে, শনিবার মাইনমু-মাইয়াং সড়কের চ্যা ইয়ার তাও গ্রামের কাছে ২৪ জন বিদ্রোহী এবং মাইনমু টাউনশিপ প্রশাসনিক কর্মীর মৃতদেহ পাওয়া গেছে বলে বাসিন্দারা জানিয়েছেন।

গ্রুপগুলো জানিয়েছে, যোদ্ধারা সশস্ত্র থাকলেও তাদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল ও পর্যাপ্ত গোলাবারুদ ছিল না এবং তারা আশপাশে ঘিরে ফেলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল। পরে তাদেরকে হত্যা করা হয়।

অবশ্য আটকদের মধ্যে তিনজন পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!