সংবাদমাধ্যম বিবিসি জানায়, গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ দেখা দেয়। দুই বাহিনীর রক্তক্ষয়ী এ লড়াইয়ে এখন পর্যন্ত ৫ হাজার মানুষ নিহত হয়েছে। এছাড়া বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে লাখো মানুষ।
সুদানের আকাশপথ নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। অন্যদিকে রাজধানীর রাস্তাগুলো আধাসামরিক যোদ্ধাদের দখলে রয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে প্রায়ই বিমান হামলা চালানোর অভিযোগ রয়েছে।
.png)
অভিযোগ রয়েছে, দেশটির পূর্ব দারফুরে জাতিগত সহিংসতায় অনেক মানুষকে হত্যা করেছে আধাসামরিক বাহিনী আরএসএফ। এ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আরএসএফের বিরুদ্ধে তদন্তও শুরু করেছে। অপরদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে রয়েছে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। গত ৮ জুলাই তাদের বিমান হামলায় অন্তত ২৪ জন বেসামরিক নিহত হয়েছে।
সুদানের ৪ কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকেরই এখন মানবিক সহায়তা প্রয়োজন। দুই বাহিনীর মধ্যে লড়াই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এ পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে মনে করা হচ্ছে।