ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকের ১৭ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৯, ১ সেপ্টেম্বর ২০২৩
ক্যাপিটল হিলে হামলাকারী ট্রাম্প সমর্থকের ১৭ বছরের জেল
জো বিগস - ফাইল ছবি

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা। ক্যাপিটল হিলের ভেতর ঢুকে ভাঙচুর চালিয়েছিল তারা। কট্টর ডানপন্থী একাধিক সংগঠন সেই হামলায় অংশ নিয়েছিল।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সেই হামলার অন্যতম নেতা জো বিগসকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

প্রাউড বয়েস নামের একটি সংগঠনের নেতা জো বিগস আদালতে বলেন, তিনি অহিংসায় বিশ্বাসী। কিন্তু ওইদিন সকলের উত্তেজনা দেখে বিক্ষোভে অংশ নেন। নিজের কাজের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

Advertisement

গত বছর মে মাসে জো বিগসকে দোষী প্রমাণিত করা হয়। তবে শাস্তির বিষয়ে বেশ কিছুদিন সময় নিয়েছে আদালত।

বিচারক বলেন, ওই দিনের ঘটনায় যুক্তরাষ্ট্রের মূল নীতি আঘাতপ্রাপ্ত হয়েছে। রীতিমতো গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানানো হয়েছিল। মানুষের ভোটকে অস্বীকার করা হয়েছিল। সে কারণেই কঠিন শাস্তি দেওয়া হয়েছে অভিযুক্তদের।

জো বিগস ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। পরে ইনফোওয়ার্স নামের এক ওয়েবসাইটে লিখতেন তিনি। সেখানেও নানা ষড়যন্ত্রমূলক বিষয়ে জড়িত ছিলেন বলে অভিযোগ। প্রাউড বয়েসের সঙ্গেও নিবিঢ় যোগাযোগ ছিল তার। সোশ্যাল মিডিয়ায় কট্টরদের বিভিন্ন আলোচনায় যুক্ত হতেন তিনি।

প্রাউড বয়েস একটি অতি ডানপন্থী সংগঠন। সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষমূলক নানা আলোচনার অভিযোগ সংগঠনটির বিরুদ্ধে। ট্রাম্পপন্থী এই সংগঠন ৬ জানুয়ারির হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল।

ক্যাপিটল হামলার জন্য এখন পর্যন্ত ১ হাজার ১০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একইদিনে আরেক অতি ডানপন্থী নেতা জ্যাছারি রেহলকেও শাস্তি দিয়েছে আদালত। সাবেক এই নৌ কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে আরো কয়েকজনকে ভিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!