ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ৩০ আগস্ট ২০২৩
মাঝ আকাশে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি অবতরণ
ছবি: সংগৃহীত

দুইশ জনেরও বেশি যাত্রী নিয়ে কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছেড়ে যায় ইন্ডিগো এয়ারের একটি  উড়োজাহাজ। তবে মাঝ আকাশে উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বাধ্য হয়ে ঘুরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। তাতে হাফ ছেড়ে বাঁচেন যাত্রীরা।

কলকাতা বিমানবন্দর জানিয়েছে, মঙ্গলবার দুপুর ২টা ২৯ মিনিট নাগাদ কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইট ৬-ই ৪৫৫ রওনা দেয়। কলকাতার আকাশেই উড়োজাহাজের একটি ইঞ্জিন বিকল হওয়ার সংকেত পান পাইলট। দ্রুত তিনি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেটি ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণের অনুমতি চান।

কলকাতার এটিসি অনুমতি দিলে জরুরি অবতরণের জন্য দমকলসহ যাবতীয় ব্যবস্থা রানওয়ের কাছাকাছি নিয়ে আসা হয়। বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় দুপুর ২টা ৫০ মিনিটে। পরে পাইলটের তৎপরতায় একটি ইঞ্জিনের সাহায্যে উড়োজাহাজটি  নির্বিঘ্নেই ২২২ জন আরোহী নিয়ে দুপুর ২টা ৫৮ মিনিটে কলকাতায় অবতরণ করে। বিকেলে ৩টা ৫ মিনিটে বিমানবন্দর থেকে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়।

Advertisement

এরপর উড়োজাহাজটি জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু করেন সংশ্লিষ্ট সংস্থার প্রকৌশলীরা। কিন্তু যান্ত্রিক ত্রুটি সারতে না পারায় অন্য ফ্লাইটে ওইদিন সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট নাগাদ যাত্রীদের বেঙ্গালুরু পাঠানোর ব্যবস্থা করা হয়। 

সূত্র : নিউজ১৮ বাংলা

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!