ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

তিউনিসিয়া থেকে বিতাড়িত ২৭ অভিবাসীর মরদেহ মিলল মরুভূমিতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৯, ১০ আগস্ট ২০২৩
তিউনিসিয়া থেকে বিতাড়িত ২৭ অভিবাসীর মরদেহ মিলল মরুভূমিতে
ছবি: সংগৃহীত

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার সীমান্তের পাশে মরুভূমিতে ২৭ জনের মরদেহ খুঁজে পাওয়া গেছে। নিহত ওই ২৭ জনই অভিবাসী এবং তাদেরকে তিউনিসিয়া থেকে বের দেওয়া হয়েছিল। 

বুধবার লিবিয়ার শহর মিসরাতা থেকে আল জাজিরার মালিক ট্রেইনা বলেছেন, লিবিয়ার সীমান্তরক্ষীরা মরুভূমিতে উত্তর ক্রসিংয়ের দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চলে এসব মৃতদেহ খুঁজে পেয়েছে।

ট্রেইনা বলেন, এখানে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বিরাজ করছে এবং এর কারণে এখানে অত্যন্ত গরম পড়ছে। উদ্বাস্তু এবং অভিবাসীরা বলেছেন- তারা পানি, খাবার বা আশ্রয় ছাড়াই কয়েকদিন ধরে হাঁটতে বাধ্য হয়েছেন।

Advertisement

লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার গোষ্ঠীগুলো অত্যন্ত গরমের মধ্যে প্রতিকূল পরিবেশে শরণার্থী এবং অভিবাসীদের ঠেলে দেওয়ার অভিযোগে তিউনিসিয়াকে অভিযুক্ত করেছে। এছাড়া তিউনিসিয়ার এই পদক্ষেপকে ‘সম্মিলিত বহিষ্কার’ হিসেবে আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

আল জাজিরা বলছে, তিউনিসিয়ার বন্দরনগরী স্ফ্যাক্সে কয়েক দিনের সহিংসতার পর গত জুলাই মাসে কৃষ্ণাঙ্গ আফ্রিকান অভিবাসী এবং আশ্রয়প্রার্থীদের বহিষ্কার করা শুরু করে উত্তর আফ্রিকার এই দেশটি। টানা কয়েক দিনের সেই সহিংসতায় একজন তিউনিসিয়ান নিহত হয়েছিলেন।

মূলত স্থানীয়রা শরণার্থীদের আচরণ সম্পর্কে অভিযোগ তুলছে এবং অন্যদিকে উদ্বাস্তুরা বলছে, তারা বর্ণবাদী হামলার শিকার হয়েছে। লিবিয়ার সীমান্তরক্ষীরা জানিয়েছে, তিউনিসিয়া থেকে বিতাড়িত হওয়ার পর প্রতিদিন গড়ে ১৫০ জন মানুষ লিবিয়ায় প্রবেশ করে থাকে।

তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফেকার বুজগায়া এই সপ্তাহে সংবাদমাধ্যম রয়টার্সকে বলেছেন, আফ্রিকান অভিবাসীদের বহিষ্কারের সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করছে তিউনিসিয়া।

গত মাসে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং শরণার্থীদের জন্য জাতিসংঘের হাইকমিশনার অফিস বলেছে, তারা তিউনিসিয়ার শত শত অভিবাসী এবং শরণার্থীদের নিরাপত্তার বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন, যাদেরকে ‘প্রত্যন্ত ও জনশূন্য’ সীমান্ত এলাকায় সরিয়ে দেওয়া হয়েছে বা সীমান্তের অন্য পাশে ঠেলে দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!